তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত
কুষ্টিয়া, গোপালগঞ্জ ও মানিকগঞ্জে আজ সোমবার সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত ও ১১৫ জন আহত হয়েছে। আমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহিষাদূরা এলাকায় কুষ্টিয়া-দৌলতপুর সড়কে আজ দুপুরে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩০ জন। তাদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা একটার দিকে রুবেল এক্সক্লুসিভ নামের একটি যাত্রীবাহী বাস মহিষাদূরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি দৌলতপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিল। এতে এই হতাহতের ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমাদের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইন মোড়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ সন্ধ্যায় তিনজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বালিচায় আজ বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন যাত্রী নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে।ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, মাদারীপুর থেকে ছেড়ে আসা সুবর্ণা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত (২৫) ও হাসপাতালে নেওয়ার পথে আরেক অজ্ঞাত (৩০) ব্যক্তি মারা যান। আহতদের মধ্যে ১৭ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ও অন্যদের সাভারের গণস্বাস্থ্য হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।