তিন জেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রসহ তিনজন নিহত
চট্টগ্রাম, রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ায় গতকাল শনিবার ও আজ রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারী থানাধীন ফতেয়াবাদ এলাকায় আজ সকাল সাড়ে সাতটায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হয়েছেন। তাঁর নাম জয়নাল আবেদীন (৩০)। নিহত জয়নাল হাটহাজারীর চিকনদণ্ডী এলাকার সিরাজুল হকের ছেলে। নিহতের ভাই জাকির হোসেন জানান, আজ সকালে হাটহাজারী থেকে পিকআপ ভ্যানে গ্যাস নিয়ে শহরের দিকে আসছিলেন জয়নাল। ফতেয়াবাদ এলাকায় এলে বিপরীত থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় জয়নালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ জানায়।দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন।রাজশাহী: রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় গতকাল শনিবার দিবাগত রাতে ইমতিয়াজ (২২) নামের একজন ছাত্র মারা গেছেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএসের রাজশাহী ক্যাম্পাসের ছাত্র।হাসপাতাল সূত্রে জানা গেছে, ইমতিয়াজের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায়। তাঁর বাবার নাম জিল্লুর রহমান। গতকাল সন্ধ্যা সাতটার দিকে নগরের সোনাদীঘির মোড়ে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে ইমতিয়াজ মাথায় আঘাত পান। সাড়ে সাতটার দিকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া যায়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুর সড়কের মাছিরনগরের কাছে গতকাল রাতে এক সড়ক দুর্ঘটনায় রানু মিয়া (৪৮) নিহত হন। তিনি নবীনগর বাজারের ডিশ ব্যবসায়ী ছিলেন। নিহতের ছোট ভাই উপজেলা যুবদলের সভাপতি মফিজুর রহমান জানান, গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বাঞ্ছারামপুরে ব্যবসাসংক্রান্ত কাজ শেষে রানু মিয়া মোটরসাইকেলে করে নবীনগর ফিরছিলেন। পথে বাঞ্ছারামপুরের মাছিরনগর ঈদগাহ মাঠের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রানু মিয়া মারা যান। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী বুলবুল আহমেদ (৪৫) আহত হন।