তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে,কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়ায় ও টাঙ্গাইলের মির্জাপুরে আজ বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।চৌদ্দগ্রাম: কুমিল্লার চৌদ্দগ্রামের লক্ষ্মীপুর গ্রামে আজ বেলা দুইটার দিকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবদুল্লাহ আল নোমান (২৫) নিহত হয়েছেন। তিনি চিওড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি। আর মোটরসাইকেলের অন্য দুই আরোহীকে গুরুতর আহত অবস্থায় ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আহতেরা হলেন জগন্নাথদীঘি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ এবং চিওড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী কামরুল।নিহত আবদুল্লাহর পরিবার জানায়, তাঁরা তিনজন চিওড়া থেকে আলকড়া ইউনিয়নে আবদুল্লাহর এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।কুষ্টিয়া: কয়েকজন ধানকাটা শ্রমিক আজ সকালে নাটোর থেকে ট্রাকে করে নিজ বাড়ি কুষ্টিয়ার খোকসায় ফিরছিলেন। সকাল ছয়টার দিকে মোল্লা তেঘরিয়ায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপরে থাকা ওমর আলীসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সকাল সাড়ে সাতটার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ওমর আলীকে (৫৫) মৃত ঘোষণা করেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মির্জাপুর: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার ইচাইলে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মুষলধারে বৃষ্টির সময় ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী রাজশাহীগামী যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, এলাকাবাসীকে নিয়ে পুলিশ উদ্ধারকাজে অংশ নিয়েছে।