তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর, কুষ্টিয়া ও মানিকগঞ্জে আজ বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রসহ চারজন নিহত হয়েছে। প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি জানান, আজ সকালে মেহেরপুর-গাংনী সড়কের সাহারবাটি এলাকায় সাইকেল চালিয়ে যাচ্ছিল গাংনী আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র রেজাউল হক রাজু (১৪) এবং অপর অজ্ঞাত (১২) শিশু। এ সময় দ্রুতগতিতে আসা একটি বাস তাদের ধাক্কা দিলে তারা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পাড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কৃষ্ণ মল্লিক জানান, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে বাসটির ৩০ যাত্রী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হচ্ছে। যাত্রীরা জানায়, দুর্ঘটনার সময় চালকের আসনে হেলপার ছিলেন। কুষ্টিয়া অফিস জানায়, আজ সকাল নয়টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের কৈপালে আবদুল আজিজ নামের একটি শিশু রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। আবদুল আজিজ মেহেরপুর জেলার গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। সে কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল।দৌলতপুর থানার ওসি মাসুদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিজস্ব প্রতিবেদক (সাভার) জানান, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি এলাকার বারবাড়িয়া সেতুর ওপর আজ সকাল আটটার দিকে সোহাগ পরিবহনের একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে আগুন ধরে গেলে চালকের সহকারী ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মুরাদ মাহমুদুর রহমান জানান, সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।