তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
মৌলভীবাজার, ফরিদপুর ও ঝিনাইদহে আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা, ফরিদপুর শহরতলি এলাকায় ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।মৌলভীবাজার: শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কে আজ দুপুরে গাড়ির ধাক্কায় মো. আবদুল হামিদ (৩০) নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে চালকসহ দুজন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বেলা একটার দিকে উপজেলার পৌর এলাকার সোনালী ব্যাংকের সামনে একটি জিপ সিএনজিচালিত একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হামিদ নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিক বলেন, জিপ ও অটোরিকশা আটক করা হয়েছে। জিপের চালক পলাতক।ফরিদপুর: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় জাহাঙ্গীর মাতুব্বর (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ ভোরে শহরতলির মুসলিম মিশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জানান, আজ ভোর ছয়টার দিকে রাজবাড়ী থেকে ফরিদপুরে যাচ্ছিলেন জাহাঙ্গীর। শহরতলির মুসলিম মিশনের সামনে পৌঁছার পর ঢাকাগামী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি পিকআপ ভ্যান তাঁর মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জাহাঙ্গীর নিহত হন।ঝিনাইদহ: কালীগঞ্জে আজ সকালে বাসের ধাক্কায় সাধিনুর রহমান (২৬) ও মিলন হোসেন (২৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা।নিহত এক ছাত্রের আত্মীয় জানান, সকাল নয়টার দিকে মোটরসাইকেলে করে কালীগঞ্জ থেকে ঝিনাইদহে যাচ্ছিল সাধিনুর ও মিলন। বিষয়খালী বাজারসংলগ্ন কড়াইতলা এলাকায় পৌঁছার পর কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।সাধিনুর ও মিলনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঝিনাইদহ-যশোর মহাসড়কে গাছ ফেলে প্রায় সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। পরে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ইকবাল বাহার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।