তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
টাঙ্গাইল, নোয়াখালী ও বাগেরহাটে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ও গতকাল রাতে এই দুর্ঘটনাগুলো ঘটে।টাঙ্গাইল: সদর উপজেলার রসুলপুর নামক এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ১২ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, পিকআপ ভ্যানের চালক বগুড়ার কাহালু উপজেলার নওদাপাড়া গ্রামের মিজানুর রহমান (৩১) ও দুপচাঁচিয়া উপজেলার শাজাদপুর গ্রামের আফজাল হোসেন (৪২)। হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন জানান, সকালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান রসুলপুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাবলু পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহত ব্যক্তিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। নোয়াখালী: আমাদের নোয়াখালী অফিস জানিয়েছে, সদর উপজেলার চরমটুয়ায় বালুভর্তি ট্রাকের চাপায় ঘটনাস্থলে দুজন শ্রমিক নিহত হয়। নিহত ব্যক্তিরা হলেন চরমটুয়া ইউনিয়নের আন্ডারচরের মো. আজাদ (৩২) ও সফিউল্লা (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ছয়টার দিকে ওই শ্রমিকেরা মাটিকাটার জন্য বাইসাইকেলে চেপে গ্রামের বাড়ি থেকে শান্তিরহাটে যাচ্ছিলেন। এ সময় শান্তিরহাট থেকে লক্ষ্মীপুরগামী একটি বালুভর্তি ট্রাক সাইকেলটিকে চাপা দিলে তাঁরা নিহত হন। স্থানীয় জনতা ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন প্রথম আলোকে জানান, নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।আমাদের বাগেরহাট প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সোমবার গভীর রাতে বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় সঞ্জিত হাওলাদার (৩৩) নামের একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বাগেরহাট-দেপাড়া সড়কের রঘুনাথপুর সাধনার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জিত বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার কানাই হাওলাদারের ছেলে।বাগেরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, গতকাল রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলচালক সঞ্জিত নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।