তিন টাকায় শার্ট!
আক্রার বাজারে তিন টাকায় শার্ট কিনতে চান? তবে সোজা চলে যান পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশের বেগম বাজার এলাকায়। শুধু শার্ট নয়, সস্তায় অন্যান্য পোশাক যেমন জুতা, ইস্তিরি, ফ্যান, টিভি ইত্যাদি পাবেন। তবে কিনা এগুলোর সবই পুরোনো।ভোর চারটা থেকেই রাস্তার ওপর হকাররা পসরা নিয়ে বসতে শুরু করেন। কে কার আগে সবচেয়ে ভালো জায়গায় বসবেন, তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। বেগম বাজারের মোড় থেকে শুরু হয়ে নান্না মিয়ার বিরিয়ানির মোড় পর্যন্ত চলে যায় হকারদের সারি। তাড়াতাড়ি জিনিসপত্র বিক্রি করে সকাল সাতটা-আটটার মধ্যেই তাঁরা চলে যান মহাজনের দোকানে। সেখান থেকে অ্যালুমিনিয়াম, স্টিল ও মেলামাইনের তৈজস কেনেন হকাররা। তারপর সকাল নয়টার মধ্যেই কাঁধে কিংবা মাথায় মালের বোঝা নিয়ে ছড়িয়ে পড়েন নগরের অলি-গলি। তাঁদের কাছ থেকে তৈজস কেনার সময় কেউ দেয় নগদ টাকা, কেউ আবার পুরোনো জামাকাপড়, ইলেকট্রনিক সামগ্রীর বিনিময়ে সারেন কেনাকাটা। এসব পণ্য নিয়েই ফেরিওয়ালারা বসেন ভোরের বাজারে।ইনু মোল্লা নামে একজন ফেরিওয়ালা জানান, ২০ বছর ধরে তিনি এই পেশার সঙ্গে জড়িত। সারা দিন তৈজসপত্র বিক্রি করে যেসব জিনিস পান, সেগুলো নিয়ে ভোরে বিক্রি করেন। মুক্তিযুদ্ধের পর থেকেই এখানে নিয়মিত এই বাজার বসছে।সবুজ বাউল নামে আরেকজন ফেরিওয়ালা জানান, ভোরের বাজারে নির্দিষ্ট জিনিস কিনতে কিছু নির্দিষ্ট ক্রেতা আসেন। যেমন, কেউ শুধু ঘড়ি কেনেন, কেউ কেনেন জুতা। তাঁরা নগরের বিভিন্ন ফুটপাতের হকার।পুরোনো পণ্যের বাজারটা বসে ভোর চারটার দিকে। প্রথম দিকে ক্রেতার ভিড় একটু বেশি থাকে। তাঁরা নির্দিষ্ট জিনিসের ক্রেতা। তাঁদের ভিড়ে জিনিসপাতি কম দামে কেনা যায় না। তবে শেষ সময়ে অর্থাৎ সকাল সাতটার পর কম দামে পণ্য কেনাবেচা হয়। তাই ওই সময়টা সাধারণ ক্রেতাদের জন্য মোক্ষম সময়। আর হ্যাঁ, যদি পুরোনো পণ্য আপনি বিক্রি করতে চান, তাহলেও যেতে পারেন ভোরের বাজারে। কারণ, কেনা আর বেচা দুটো কাজই সারা যায় সেখানে।বেগম বাজারের পুরোনো পণ্যের বাজারে জিনিসপাতির দাম নির্ভর করে জিনিসটা কতটুকু ভালো আছে তার ওপর। এখানে জিনসের প্যান্টের দাম ১০ থেকে ৫০ টাকা। শাড়ির দাম ৫০-৩০০ টাকা। কেড্স ২০-৩০০ টাকা পর্যন্ত। পুরোনো ফ্যান, ইস্তিরি, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ, ছোটদের সাইকেল, রকমারি খেলনার মতো জিনিসও আছে বাজারে।কথায় বলে, সস্তার তিন অবস্থা! তাই সস্তার বাজার থেকে বস্তা ভরে পণ্য কেনার আগে দেখে কিনতে হবে, তা কাজে আসবে কি না। আবার জামাকাপড় ব্যবহারের আগে ভালো করে গরম পানিতে ধুয়ে নেওয়া দরকার। ও, আরেকটা কথা, এই বাজারে শার্টের দাম শুধু তিন টাকাই নয়। বরং তিন টাকা থেকে শুরু করে ১৫০ টাকা পর্যন্ত ওঠে কোনো কোনো শার্টের দাম।