বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় এক ছাত্রকে পিটিয়ে তৃতীয় তলা থেকে ফেলে দেওয়া হয়। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলে ওই ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে রানা ও ফাইরুজ গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। এর জের ধরেই এ সংঘর্ষ। আহত ছাত্রদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (ব্যাচ-০৯) ছাত্র জয় প্রকাশের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের নেতা-কর্মীরা জয়কে পিটিয়ে আহসানউল্লাহ হলের তৃতীয় তলা থেকে নিচে ফেলে দেন।জানা গেছে, আহসানউল্লাহ হলে টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার রাতে জয় ও ফরহাদের সঙ্গে সুব্রত ও মৃদুলের সঙ্গে কথাকাটাকাটি হয়। জয় ফাইরুজ পক্ষের কর্মী। এরপর আজ জয় কয়েকজনকে নিয়ে আহসানউল্লাহ হলে মৃদুলের খোঁজে গেলে ০৬ ব্যাচের মোকাম্মেলের নেতৃত্বে লিমন, তন্ময়, রানাসহ কয়েকজন জয় ও তাঁর সঙ্গীদের ওপর হামলা চালান। এতে সংঘর্ষ বাঁধে। জয়কে তৃতীয় তলা থেকে ফেলে দেওয়া হয়। সিয়াম ও প্রতিপক্ষের কর্মী মৃদুলও এ সময় আহত হয়েছেন।বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনজন আহত হয়েছেন। জয় নামের এক ছাত্র তৃতীয় তলা থেকে লাফ দিয়েছেন বলে তিনি শুনেছেন। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।