তিন দফা দাবিতে গণজাগরণ মঞ্চের একাংশ শাহবাগে
গণজাগরণ মঞ্চের একাংশ গোলাম আযমের বিচারের রায় দ্রুত দেওয়াসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছে। গতকাল শুক্রবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিকেল চারটা থেকে পৌনে সাতটা পর্যন্ত ‘আমরা বাঙালি’ ও ‘জাগো শাহবাগ জাগো’ নামে দুটি ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় কাদের মোল্লার আপিলের শুনানি দ্রুত শেষ করা ও জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ-কারীদের সংখ্যা ছিল প্রায় দেড় শ। বেশির ভাগই ছিলেন তরুণ-তরুণী ও কিশোর-কিশোরী। এর আগে শাহবাগের গণজাগরণ মঞ্চে স্লোগান দেওয়াসহ বিভিন্ন কর্মসূচিতে তাঁদের অংশ নিতে দেখা গিয়েছিল। গতকাল ওই দুই সংগঠনের কর্মসূচি চলাকালে আশপাশে গণজাগরণ মঞ্চের নেতারা থাকলেও অবস্থান কর্মসূচিতে যোগ দেননি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, মারুফ রসুলসহ অন্য নেতারা কর্মসূচিস্থলের পাশেই দাঁড়িয়ে ছিলেন। আন্দোলনকারী আনিকা সাদিয়া প্রথম আলোকে বলেন, তাঁরা গণজাগরণ মঞ্চে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সঙ্গে আলোচনা করে অন্যদের জানিয়ে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। গোলাম আযমের বিচারের রায় দেওয়ার ক্ষেত্রে দেরি হওয়া এবং কাদের মোল্লার আপিলের শুনানি দ্রুত শেষ করে রায় কার্যকর করার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে অন্য কর্মসূচি দেওয়া হবে। এ ব্যাপারে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারী মারুফ রসুল বলেন, শাহবাগ আন্দোলনের শুরু থেকেই বিভিন্ন গ্রুপ ও সংগঠন যুক্ত ছিল। আলাদা আলাদাভাবে আগেও তাঁরা কর্মসূচি পালন করেছেন। এখানেও সে ধরনের একটি কর্মসূচি পালন করা হচ্ছে। তবে এটি গণজাগরণ মঞ্চের নিজস্ব কর্মসূচি নয় বলে তিনি দাবি করেন। আন্দোলনের মূল দাবির সঙ্গে গণজাগরণ মঞ্চের সংহতি থাকলেও এর পুরো দায়িত্ব মঞ্চ নেবে না বলে জানান তিনি।