তিন দফা ভোটের পরও পোপ নির্বাচনে ব্যর্থ কার্ডিনালরা
ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের চুল্লি থেকে আজ বুধবার দুই দফা ভোটাভুটি হওয়ার পরও কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এতে বোঝা যাচ্ছে, কার্ডিনালরা এখনো নতুন পোপ নির্বাচন করতে পারেননি। ক্যাথলিক চার্চ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গতকাল মঙ্গলবার এক দফা এবং আজ দুদফা ভোটাভুটির পরও পোপ নির্বাচিত না হওয়ায় চার্চের অনুসারীদের মধ্যে উত্কণ্ঠাও বাড়ছে।রয়টার্স জানায়, পোপ নির্বাচনের জন্য ১১৫ জন কার্ডিনাল মঙ্গলবার সিস্টিন চ্যাপেলের গোপন সভাকক্ষে ঢুকে বৈঠক শুরু করেন। সেদিন সন্ধ্যায় প্রথমবারের মতো ভোটাভুটি হয়। কার্ডিনালরা গোপন সভাকক্ষে ঢোকার আগে মঙ্গলবার সকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। কার্ডিনালরা এমন এক নেতাকে নির্বাচিত করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, যিনি চার্চকে কলঙ্ক ও বিভেদ থেকে বের করে নিয়ে আসতে পারবেন।আজ বুধবার আরও দুই দফা ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রতিদিন চার দফা ভোটাভুটি হওয়ার কথা। পোপ নির্বাচিত হয়ে গেলে চ্যাপেলের চুল্লি থেকে সাদা ধোঁয়া উঠবে এবং সেন্ট পিটারের বাজিলিকায় ঘণ্টা বাজানো হবে।১২০ কোটি রোমান ক্যাথলিক খ্রিস্টানকে নেতৃত্ব দেবেন এমন একজন নতুন পোপের অপেক্ষায় যাঁরা অবিরাম বৃষ্টিধারায় ভিজে সেন্ট পিটার চত্বরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন, কালো ধোঁয়া তাঁদের হতাশ করে দিচ্ছে। গোপন সভা শুরুর পর নতুন পোপকে পেতে অনেকেই উদগ্রীব হয়ে উঠেছেন।৩৪ বছর বয়সী মার্কিন চিত্রকর ও ধর্মপ্রচারক আদ্রিয়ান ব্রিটন রয়টার্সকে বলেন, ‘পোপ নির্বাচন মাইক্রোওয়েভের মতো এত ছোট প্রক্রিয়া নয়। এটি একটি দীর্ঘ ব্যাপার। তাঁরা (কার্ডিনালরা) সাবধানতার সঙ্গে এমন একজনকে নির্বাচিত করতে চাইছেন, যিনি তাঁদের নেতৃত্ব দেবেন। মাত্র এলাম, তাই এত তাড়াতাড়ি সাদা ধোঁয়া দেখতে চাই না।’অস্ট্রিয়ার ২৫ বছর বয়সী শিক্ষার্থী ড্যানিয়েলা ওয়েবার বলেন, ‘আমি একটু হতাশ। সাদা ধোঁয়া দেখতে চাই। এক দিনেরও বেশি সময় হয়েছে এখানে এসেছি।’ক্যাথলিক চার্চ এখন নানামুখী সমস্যায় জর্জরিত। চার্চের ভেতরে শিশুদের ওপর যৌন নিপীড়ন, পোপের নথি ফাঁসের ঘটনা, চার্চের দুর্নীতির তথ্য প্রকাশ ও চার্চ কর্তৃপক্ষের মধ্যে প্রতিযোগিতার গোপন কথা বেরিয়ে আসাসহ বিভিন্ন বিষয়ে রোমান ক্যাথলিক চার্চ এখন দ্বিধান্বিত ও বিক্ষুব্ধ। এসব সমস্যা সামাল দিতে সক্ষম এমন এক ব্যক্তিকে পোপ হিসেবে নির্বাচনে তাই হিমশিম খেতে হচ্ছে কার্ডিনালদের।ধারণা করা হচ্ছে, চার্চের বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কারণে শারীরিক অসুস্থতার অজুহাতে গত ফেব্রুয়ারি মাসে পোপ বেনেডিক্ট নিজ পদ থেকে সরে দাঁড়ান। চার্চের গত ৬০০ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। রয়টার্স বলছে, গত বিশ শতকে যাঁরা পোপ নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র দ্বাদশ পিয়াস তিনবার ভোটাভুটিতে নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হয়েছিলেন ১৯৩৯ সালে। গত নয়বার পোপ নির্বাচনে গড়ে সাতবার করে ভোটাভুটি হয়েছে। ২০০৫ সালে পোপ বেনেডিক্ট মাত্র চার দফা ভোটাভুটিতে নির্বাচিত হয়েছিলেন।বিশ্বের বিভিন্ন এলাকা থেকে শত শত তীর্থযাত্রী ও পর্যটক ভ্যাটিকানে যেতে শুরু করেছেন। তাঁরা সবাই সাদা ধোঁয়া দেখে ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে চান। যুক্তরাষ্ট্রের ক্যাথলিক বিশপদের সংঘের সাধারণ সম্পাদক মনসিনর রনি জারকিনস বলেন, ‘এটি চমত্কার সময়। এটি ঐতিহাসিক ক্ষণ।’ হেসে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, ‘এটি খুব অনন্য। এটি অবিশ্বাস্য মুহূর্ত। তবে বৃষ্টিটা থামলে ভালো হতো।’যাঁদের মধ্যে প্রতিযোগিতাপোপ নির্বাচনে এগিয়ে থাকাদের মধ্যে আছেন ইতালির অ্যাঞ্জেলিও শোলা এবং ব্রাজিলের ওডিলো শেরার। শোলা যদি নির্বাচিত হন, তবে ৩৫ বছর পর ইতালি আবার একজনকে পোপ হিসেবে পাবে। পোলিশ জন পল ও জার্মান বেনেডিক্ট প্রায় ৩৫ বছর পোপের দায়িত্ব পালন করেছেন। তবে শেরার যদি নির্বাচিত হন, তবে তিনি হবেন গত এক হাজার ৩০০ বছরে প্রথম অ-ইউরোপীয়। শেষ অ-ইউরোপীয় পোপ ছিলেন সিরিয়ার তৃতীয় গ্রেগরি। গোপন বৈঠকে বসার আগে কার্ডিনালরা যেসব প্রাথমিক সভা করেছেন, তাতে মোটা দাগে দুটি উপদল দেখা গেছে। একদল চাইছে নতুন পোপ অকার্যকর আমলাতন্ত্রকে সচল করবেন এবং শক্ত হাতে পরিস্থিতি সামাল দেবেন। আরেকটি পক্ষ চাইছে, পোপ হবেন ইউরোপ বা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কোথাও থেকে। এতে সারা বিশ্বে বিশ্বাস ছড়ানো সহজ হবে।অন্য প্রার্থীদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রের দুই কার্ডিনাল টিমোথি ডোলান ও সিন ওমালি, কানাডার মার্ক ওলে এবং আর্জেন্টিনার লিওনার্দো সানদ্রি।যত দিন সিস্টিন চ্যাপেলে ভোটাভুটি চলবে, তত দিন কার্ডিনালরা থাকবেন ভ্যাটিকানের অতিথিশালায়। কোনো তথ্য যেন বাইরে না আসে, সেজন্য সেখানেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।