তিন দফা শর্তে মেহেরপুরে বাস ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে অনির্দিষ্টকালের জন্য ডাকা বাস ধর্মঘট গতকাল রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে মেহেরপুরের অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। বাস ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে গতকাল মেহেরপুরের জেলা প্রশাসক বেঞ্জামিন হেমব্রম জেলা বাস-মিনিবাস মালিক ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে বসেন। এ সময় বাসমালিক ও শ্রমিকনেতারা ধর্মঘট প্রত্যাহারের ক্ষেত্রে বাসের রুটে দেশীয় ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধ ঘোষণা, এসব যানবাহন নিষিদ্ধ ঘোষণা করে সরকারিভাবে প্রচার চালানো ও জরিমানা আদায় করা এবং বাস-মিনিবাস মালিক সমিতির দুজন সময় নিয়ন্ত্রককে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় আসামিদের দ্রুত গ্রেপ্তার করার শর্ত জুড়ে দেন। জেলা প্রশাসক বেঞ্জামিন হেমব্রম এই তিনটি শর্ত তিন দিনের মধ্যে বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট প্রত্যাহার করেন।মেহেরপুরের জেলা প্রশাসক বেঞ্জামিন হেমব্রম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল জানান, জেলা প্রশাসক তাঁদের তিন দফা শর্ত পূরণের প্রতিশ্রুতি দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে তিন দিনের মধ্যে শর্ত পূরণ না হলে ৭ জুলাই থেকে আবার অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করা হবে বলে তিনি ঘোষণা দেন। প্রসঙ্গত, নসিমন-করিমনসহ দেশীয় ইঞ্জিনচালিত সব যানবাহন চলাচল বন্ধের দাবিতে গত ২ জুলাই থেকে মেহেরপুরের বাস-মিনিবাস মালিক ও শ্রমিক সমিতির নেতারা অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেন।