তিন দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুস্থ রাজনীতি, দুর্নীতি, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ এবং সমৃদ্ধ অর্থনীতি—এই তিন দফার ভিত্তিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন। তাঁরা দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যের মঞ্চে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ রোববার রাজধানীর র‌্যাডিসন হোটেলে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দূতাবাসের কুটনীতিকেরা উপস্থিত ছিলেন। দু্ই নেতা জানান, আগামী জানুয়ারির মধ্যে ঐক্যবদ্ধ নাগরিকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাঁরা সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবি জানান। ‘অগ্রসরমাণ সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা’ শীর্ষক এই ঘোষণা অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশকে রক্ষা করতে হলে সুস্থ রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ এবং সমৃদ্ধ অর্থনীতির দরকার। কিন্তু বর্তমানে দেশের অর্থনীতি বিপর্যস্ত। সমাজের চিত্র পরিষ্কার হয়েছে কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতিতে হামলার মধ্য দিয়ে। আর রাজনীতির নিয়ন্ত্রক এখন ব্যবসায়ীরা। সাংসদেরা তাঁদের পদকে টাকা আয়ের মাধ্যম হিসেবে মনে করেন।’ বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দেশের রাজনীতি রুগণ হয়ে পড়েছে। এ জন্য ট্যাবলেট, ইনজেকশন নাকি সার্জারির প্রয়োজন, তা দেশের জনগণকে বুঝতে হবে।’ তিন দফার ভিত্তিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, এই ঐক্যের রাজনীতি হবে দুর্নীতি, সন্ত্রাস ও গুমের বিরুদ্ধে। শপথের পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বিদেশে বাইবেলে হাত দিয়ে শপথ পড়ানো হয়। এ দেশের মানুষ ধর্মভীরু। তাই ধর্মগ্রন্থে হাত রেখে শপথের বিধান রাখা হয়নি। এখন মনে হচ্ছে, এ অবস্থার পরিবর্তন দরকার। কোরআন-গীতায় হাত রেখে শপথের বিধান চালু করতে হবে। বলতে হবে “আমি দুর্নীতি করব না”।’ গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘শেয়ারবাজার থেকে কোটি কোটি টাকা আত্মসাত্ হয়েছে, রেলে দুর্নীতি হয়েছে, হলমার্ক চার হাজার কোটি টাকা নিয়ে গেছে। কারও বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয়নি। একটি দুর্নীতির তদন্তকাজ শেষ না হতে হতে আরেকটি দুর্নীতির খবর বের হচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।’গণতন্ত্রের পরিবর্তে দলতন্ত্র, মনোনয়ন-বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য, ভর্তি-বাণিজ্য ইত্যাদিকে দুর্নীতির কারণ বলে উল্লেখ করে ড. কামাল বলেন, দুর্নীতি ও সন্ত্রাসকে বর্জন করার জন্য জন্য লোভী রাজনীতিবিদ ও আমলা এবং অসত্ ব্যবসায়ীদের বর্জন করতে হবে। রুগণ, বিভাজিত ও সন্ত্রাসের রাজনীতি বাদ দিয়ে কৃষক, শ্রমিক ও নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ গড়ে তুলতে হবে। এ সময় মাহমুদুর রহমান মান্নার সঞ্চালনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল। নির্বাচনের আগে ইফতার পার্টিতে যোগ দেওয়ার মাধ্যমে নিজেদের সরকারি অথবা বিরোধী দলের কাছে সমর্পণ করবেন কি না? এ প্রশ্নের জবাবে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘তাঁরা কোরআন শরিফে হাত দিয়ে শপথ নেওয়ার আগ পর্যন্ত আমাদের ইফতারির দরকার হবে না।’মুক্ত আলোচনায় সাংবাদিক এবিএম মূসা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নে সমমনা দল নিয়ে গণফ্রন্ট গঠনের পরামর্শ দেন, যাতে সব মতের মানুষ অংশ নিতে পারেন। তিনি বলেন, ‘৪২ বছর ধরে প্রত্যাশা করে যাচ্ছি। লড়াই করেছি, সফল হতে পারিনি। তাই এখন আমার প্রত্যাশা আগামী প্রজন্মের কাছে।’ প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আজকের সমস্যা রাজনীতিবিদদের নয়। তাঁরা ভালো আছেন। সমস্যা মানুষের। আমরা নির্বাচিত সংসদ ও সরকার পেয়েছি। কিন্তু সংসদীয় গণতন্ত্র পাইনি। এমন অবস্থায় আরব বসন্তের মতো আমাদের বঙ্গীয় বসন্তের দরকার নেই। দরকার বহু দলের সরকার। কারণ এক দলের সরকার মানে স্বৈরতন্ত্র।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাফর উল্লাহ চৌধুরী, বিকল্পধারার নেতা আবদুল মান্নান এবং উপস্থিত অন্যান্য ব্যক্তি।