তিন দাবিতে ১৮ দলের হরতাল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই হরতাল ডাকা হয়েছে।হরতালের সমর্থনে গতকাল শনিবার রাজধানীতে বিচ্ছিন্ন কয়েকটি মিছিল করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল মিছিল বের করে। অবশ্য পুলিশ ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তখন মিছিলকারীরা ইটের টুকরা নিক্ষেপ করে দুটি গাড়ির কাচ ভাঙচুর করে। এ সময় সেখানে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। অবশ্য হরতাল-পূর্ব নাশকতা ঠেকাতে গতকাল দুপুর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে র্যাব ও পুলিশের টহল বাড়ানো হয়। আজ হরতালে নাশকতা ঠেকাতে আটটি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে হরতালের আগেই ১৮-দলীয় জোটের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। নির্দলীয় সরকার নিয়ে আলোচনায় বসতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়ার ২০ দিন পর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল দিল বিএনপির নেতৃত্বাধীন এ জোট। ৪ মে ঢাকায় সমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ সময় বেঁধে দিয়েছিলেন। এর আগে গত মার্চ ও এপ্রিলে যথাক্রমে নয় দিন ও পাঁচ দিন হরতাল ডাকে এই জোট। ২৩ এপ্রিলের পর আর কোনো হরতাল দেয়নি তারা। অবশ্য ২৪ এপ্রিল হরতাল ডেকেছিল, পরে সাভারের রানা প্লাজা ধসের কারণে তা প্রত্যাহার করা হয়। এরপর ২ মে হরতাল ডেকে ঘূর্ণিঝড় মহাসেনের কারণে তা আবার প্রত্যাহার করে। আজকের কর্মসূচির মাধ্যমে আবার হরতালের রাজনীতিতে ফিরে এল বিরোধী জোট।