তিন দিন আগে সিদ্ধান্ত দেবেন মমতা
ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান দুই প্রার্থী প্রণব মুখোপাধ্যায় এবং পি এ সাংমার মধ্যে তৃণমূল কংগ্রেস কাকে সমর্থন দেবে, এ নিয়ে এখন জোরাল গুঞ্জন চলছে সে দেশে। এ ব্যাপারে দলটির নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মুখ খোলেননি। তবে নির্বাচনের তিন দিন আগে তাঁদের সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দ্য হিন্দু অনলাইনের এক খবরে এ কথা জানানো হয়।খবরে বলা হয়, ১৯ জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান দুই প্রার্থী প্রণব মুখোপাধ্যায় এবং পি এ সাংমার মধ্যে কাকে বেছে নেবে তৃণমূল, এ নিয়ে দলটিও দ্বিধায় ভুগছে। গতকাল দলের এমপি ও বিধায়কদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে মমতা বলেন, নির্বাচনের তিন দিন আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।প্রেসিডেন্ট পদের প্রভাবশালী দুই প্রার্থী প্রণব মুখোপাধ্যায় এবং পি এ সাংমা তৃণমূল কংগ্রেসের সমর্থন পেতে চাইছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালে প্রণব পশ্চিমবঙ্গের জন্য মমতার চাহিদামতো অর্থ সহায়তা দেননি। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রার্থী সাংমাকে সমর্থন করাটাও কঠিন হবে তৃণমূলের জন্য।