তিন দিন পর অপহূত শিশু উদ্ধার, মামাতো ভাইসহ গ্রেপ্তার ৭
অপহরণের তিন দিন পর তিন বছরের শিশু নেহা আক্তারকে গতকাল সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, অপহরণের মূল পরিকল্পনাকারী শিশুটির মামাতো ভাই শহীদুল ইসলাম ওরফে শাওন।গতকাল র্যাব-৩-এর টিকাটুলী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিশুটিকে বুকে জড়িয়ে মা সেলিনা আক্তার আনন্দে কেঁদে ফেলেন। শিশুটির বাবা মো. বিপুল সৌদি আরবে থাকেন।সংবাদ সম্মেলন শেষে আটক সাতজনকে সাংবাদিকদের সামনে আনা হয়। তারা অপহরণ করার কথা স্বীকার করে টাকার জন্য এ কাজ করেছে বলে জানায়।আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে রাতে শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেয় র্যাব। এর আগে শিশুটি ঘুমের ঘোরে বারবার চিৎকার করে উঠছিল।মা সেলিনা আক্তার জানান, শহীদুলকে তিনি খুব বিশ্বাস করতেন, সন্তানের মতোই দেখতেন। সে যে অপহরণের মতো কাজ করতে পারে, বিশ্বাস করতেই তাঁর কষ্ট হচ্ছে। এই তিন দিন তাঁর ‘কলিজার টুকরা’ নেহাকে শুধু চিপস ও জুস খাইয়ে রাখা হয়েছে বলে জানায় নেহা।সংবাদ সম্মেলনে র্যাবের কর্মকর্তারা জানান, গত শুক্রবার বেলা ১১টায় ৬২২/এ বড় মগবাজারের বাসিন্দা সেলিনা আক্তারের মেয়ে নেহা বাসার সামনে খেলছিল। একপর্যায়ে শিশুটি নিখোঁজ হয়। একমাত্র সন্তানকে হারিয়ে সেলিনা বারবার মূর্ছা যান। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরদিন শনিবার বেলা ১১টার দিকে তিনটি মোবাইল ফোন নম্বর থেকে সেলিনার মোবাইলে ফোন এলে শিশুটির খালা দেলোয়ারা বেগম ফোন ধরেন। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘নেহা আমাদের কাছে আছে। ১০ লাখ টাকা মুক্তিপণ না দেওয়া হলে ওকে মেরে ফেলা হবে।’ রোববার ফোনে আবারও মুক্তিপণ দাবি করা হয়। এরপর নেহার খালা বিষয়টি র্যাব-৩, মগবাজারের নয়াটোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাররার হোসেনকে জানান। তাঁর নেতৃত্বে র্যাবের একটি দল শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। র্যাবের পরামর্শে শিশুটির পরিবারের লোকজন অপহরণকারীদের মোবাইল ফোনে যোগাযোগ করে দুই লাখ টাকা দিতে রাজি হন। অপহরণকারীরা টাকা নিয়ে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় যেতে বলে। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে র্যাব ঘটনাস্থলের আশপাশে ওত পাতে। শিশুটির স্বজনেরা অপহরণকারীদের হাতে টাকা তুলে দেওয়ার সময় র্যাব হাতেনাতে আল-আমিন (১৮), রুবেল (১৮) ও আজিমকে (১৫) গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া তরুণেরা র্যাবের জিজ্ঞাসাবাদে জানায়, নেহাকে মাদারীপুর জেলার কালীকাপুরে তাদের সহযোগী সোহাগ হোসেন (১৮) ও আমির হোসেনের (২৪) কাছে রাখা হয়েছে। র্যাবের কর্মকর্তাদের নির্দেশে গ্রেপ্তার হওয়া তরুণেরা মাদারীপুরে অবস্থানরত তাদের সহযোগীদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে। তারা শিশুটিকে ঢাকায় নিয়ে আসতে বলে। এ সময় সোহাগ ফোনে রুবেলকে বলে, টাকা না দিলে নেহাকে খুন করে লাশ মাওয়া ফেরিঘাটে ফেলে দেওয়া হবে। পরে ওই মোবাইল ফোনটি জব্দ করে র্যাব।র্যাবের কর্মকর্তারা জানান, গতকাল সকাল ১০টার দিকে অপহরণকারীরা শিশু নেহাকে নিয়ে যাত্রাবাড়ীতে পৌঁছার পর সোহাগ ও আমিরকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অপহরণের মূল পরিকল্পনাকারী শহীদুল ইসলামকে তার মগবাজারের নয়াটোলার ৫২৭/২১/এ আমবাগানের বাসা থেকে এবং তার বন্ধু জুয়েল মিয়াকে (২০) মগবাজার রেললাইনের পাশ থেকে আটক করা হয়।অভিযান পরিচালনাকারী জাররার হোসেন প্রথম আলোকে বলেন, শহীদুল শিশুটির মামাতো ভাই। জিজ্ঞাসাবাদে শহীদুল জানায়, আটক ছয়জনই তার বন্ধু।শহীদুল র্যাবকে জানায়, সে নবম শ্রেণী পর্যন্ত পড়েছে। বাসার সামনে খেলা করার সময় সে নেহাকে কোলে করে নিয়ে যায়। মহাখালীতে নিয়ে নেহাকে জামা কিনে দেয় এবং রাতে আমিরকে দিয়ে বাসে করে মাদারীপুরে অপহরণকারী চক্রের আরেক সদস্য সোহাগের মামাতো বোনের বাড়িতে পাঠিয়ে দেয়। সে ও সোহাগ শিশুটির সঙ্গে না গিয়ে ঢাকায় থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালায়। জিজ্ঞাসাবাদে শহীদুল জানায়, সে ঢাকায় থেকেছে, যাতে তাকে কেউ সন্দেহ করতে না পারে এবং নেহার পরিবারের সব তথ্য জেনে যাতে সহযোগীদের কাছে পৌঁছে দিতে পারে। সোহাগ অবশ্য পরে মাদারীপুরে যায়। সোহাগ জানায়, ঢাকায় ফেরার সময় শহীদুল তাকে সতর্ক করে দিয়ে বলেছিল সাবধানে আসতে। বাসস্ট্যান্ডের আশপাশে র্যাব থাকতে পারে।শহীদুল র্যাবকে জানায়, তার পরামর্শে আল-আমিন ও রুবেল ফোন করে মুক্তিপণ চেয়ে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।র্যাবের কর্মকর্তা জাররার হোসেন জানান, শিশুটি নিয়ে মাদারীপুর থেকে অপহরণকারীরা যাত্রাবাড়ীতে আসে। র্যাব আগে আটক করা অপহরণকারীদের নিয়ে গিয়ে শিশুকে উদ্ধার করে এবং আমির ও সোহাগকে আটক করে। তিনি জানান, শহীদুলকে অপহরণের পরিকল্পনাকারী হিসেবে প্রথমে সন্দেহ করা হলেও ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় তাকে আটক করা হয়নি।রাতে নেহার মা সেলিনা আক্তার বাদী হয়ে আটক সাতজনকে আসামি করে রমনা থানায় অপহরণের মামলা করেছেন। পরে র্যাব আটক অপহরণকারীদের পুলিশে সোপর্দ করলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। আজ তাদের আদালতে হাজির করা হবে।