তিন দিন পর টেকনাফ স্থলবন্দর সচল
তিন দিন পর সচল হয়েছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর। আজ বুধবার সকাল থেকে শ্রমিকেরা পুরোদমে কাজ শুরু করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের মজুরি পরিশোধ না করায় গত রোববার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত টেকনাফ স্থলবন্দরের শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন।স্থলবন্দরের শ্রমিকনেতা মো. করিম ও আজগর আলী জানান, স্থানীয় সাংসদ আবদুর রহমান বদি গতকাল গভীর রাত পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠান, শ্রমিক ও ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। এতে শ্রমিকদের মজুরি পরিশোধের সিদ্ধান্ত হয়। এরপরই শ্রমিকেরা আজ সকাল থেকে কাজ শুরু করেন।টেকনাফ স্থলবন্দরের হিমায়িত মাছ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স সুফিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম আবছার সোহেল জানান, গত তিন দিন ধরে ৭০ মেট্রিক টন হিমায়িত রুই মাছ আটকা পড়েছিল। এখন বন্দর সচল হওয়ায় ঢাকা ও চট্টগ্রামে মাছ সরবরাহের ব্যবস্থা চলছে।স্থলবন্দরের অপারেটর প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক আবদুল মোহাইমেন প্রথম আলো অনলাইনকে জানান, শ্রমিকেরা পুরোদমে কাজ শুরু করেছেন। স্থলবন্দরের পণ্য খালাসের কাজ চলছে।টেকনাফ স্থলবন্দরের শুল্ক তত্ত্বাবধায়ক (কাস্টমস সুপার) কাজী আবুল হোসাইন জানান, স্থলবন্দরে শ্রমিকেরা কাজ বন্ধ রাখায় তিন দিন ধরে দৈনিক গড়ে ৩৫ লাখ টাকার বেশি রাজস্ব আদায় ক্ষতিগ্রস্ত হয়েছে।