তিন দিন পর রাঙামাটি শান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটন শহর রাঙামাটি এখন শান্ত। তিন দিন বন্ধ থাকার পর অফিস-আদালত, দোকানপাট গতকাল খুলেছে। তবে জনমনে শঙ্কা রয়ে গেছে।পূর্ব ঘোষণা অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে শান্তি শোভাযাত্রা বের হয়েছে। পাহাড়ি-বাঙালি পারস্পরিক অবিশ্বাস ও ভীতি দূর করে শান্তি-সম্প্রীতি ফিরিয়ে আনতে সর্বস্তরের মানুষ এ শোভাযাত্রায় অংশ নেয়। শহরের পৌরসভা ভবন থেকে বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় শোভাযাত্রা। পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, চাকমা রাজা দেবাশীষ রায়, রাঙামাটির ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সারওয়ার হোসেন, জনসংহতি সমিতির শীর্ষ নেতা ঊষাতন তালুকদারসহ বিপুলসংখ্যক পাহাড়ি-বাঙালি শোভাযাত্রায় অংশ নেয়। এরপর বিভিন্ন দল ও সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন জেলা প্রশাসক।বৈঠকে দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিতে অবৈধ অস্ত্রের ছড়াছড়ি। এ অস্ত্র উদ্ধার এবং এখানকার চাঁদাবাজি বন্ধ না হলে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠিত হবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। কোনো অবৈধ অস্ত্রধারী কিংবা চাঁদাবাজ গ্রেপ্তার হলে তাদের ছেড়ে দিতে কোনো সুপারিশ করা চলবে না। কাদের হাতে অস্ত্র আছে, কারা চাঁদাবাজ? বৈঠকের পর প্রথম আলোর এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যাদের হাতে অবৈধ অস্ত্র আছে, তারাই সন্ত্রাসী।বৈঠকে দেবাশীষ রায় বলেন, শনিবারের সংঘর্ষের ঘটনায় যারা জড়িত, তারা প্যারাস্যুট নিয়ে উড়ে আসেনি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের সমস্যা আবারও হবে। ঘটনার সময় কিছু লোক অস্ত্র হাতে প্রকাশ্যে ঘোরাফেরা করেছে। রাস্তায় উসকানিমূলক বক্তব্য দিয়েছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেনাবাহিনীর আঞ্চলিক কমান্ডার সারওয়ার হোসেন বলেন, শহরে শান্তি ফিরে এলেও তা কোনো কাঠামোর মাধ্যমে হয়নি। ফলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যে ঘটবে না, তা নিশ্চিত করে বলা যায় না। তিনি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সব রাজনৈতিক দল ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ে আলাদা সংগঠন গড়ে তোলার প্রস্তাব দেন।জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, এ ঘটনা যারা ঘটিয়েছিল, তারা কয়েকটি লাশ আশা করেছিল। এ জন্য এখানে তিনটি লাশ পড়ে আছে, ওখানে জবাই করা হচ্ছে কিংবা কলেজের পাশে তরুণীর লাশ পড়ে আছে ইত্যাদি গুজব ছড়িয়েছিল। তিনি এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান।স্থানীয় বাসিন্দাদের অনেকে এই গুজবের জন্য সামাজিক নেটওয়ার্ক ফেসবুককে দায়ী করেন। তাঁরা বলেন, ফেসবুকে নানা ধরনের মন্তব্য ছুড়ে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে। গতকালের বৈঠকে জেলা প্রশাসক বলেন, প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের নামেও ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিএনপির নেতা দীপেন দেওয়ান বলেন, ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার ছিল। তা না করে প্রশাসনের লোকজন দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে।পার্বত্য গণপরিষদ নামের একটি সংগঠনের সভাপতি জালাল উদ্দিন চৌধুরী বলেন, পাহাড়ে চাঁদাবাজি বেড়ে গেছে। জনতা বিক্ষুব্ধ। এটা বন্ধ করতে হবে। নারীনেত্রী নূর জাহান বলেন, ‘পাহাড়ে সব সমস্যার মূলে চাঁদাবাজি। আমরা যতই শান্তির কথা বলি না কেন, চাঁদাবাজি বন্ধ না হলে এ শান্তি স্থায়ী হবে না। একাধিক সূত্র প্রথম আলোকে বলেছে, পার্বত্য চট্টগ্রামে চলছে নজিরবিহীন চাঁদাবাজি। ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, মৎস্যজীবী—সব পর্যায়ের মানুষ চাঁদাবাজির শিকার। যেকোনো ধরনের উপার্জন করলেই তার বিনিময়ে চাঁদা দিতে হয়। এ চাঁদা নেওয়া হয় পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর নামে। এ নিয়ে আগে থেকেই পাহাড়ি-বাঙালির মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।এ প্রসঙ্গে দীপংকর তালুকদার প্রথম আলোকে বলেন, পাহাড়ে চাঁদাবাজির মূল কারণ হচ্ছে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা। এসব অবৈধ অস্ত্র উদ্ধার করতে পারলেই চাঁদাবাজি ও গুমের মতো ঘটনা বন্ধ হয়ে যাবে।বৈঠকে রাঙামাটি কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, কলেজ অরক্ষিত। কোনো ঘটনা হলেই বাইরে থেকে লোকজন ভেতরে ঢুকে পড়ে। ঘটনার দিন ২৫-৩০ জন অস্ত্রধারী কলেজে ঢুকে পড়েছিল।রাঙামাটিতে শনিবারের (২২ সেপ্টেম্বর) সংঘর্ষের কারণ সম্পর্কে একাধিক তথ্য পাওয়া গেছে। সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ৩৭৬ জন হেডম্যান ও কার্বারির সঙ্গে ঢাকায় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে রাঙামাটির ১৪৪ জন হেডম্যান ও কার্বারি উপস্থিত ছিলেন। এ বৈঠকের পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। বাঙালিদের উচ্ছেদ করা হতে পারে, এমন গুজবও ছড়ানো হয়।দীপংকর তালুকদার এ প্রসঙ্গে বলেন, রাঙামাটিতে হেডম্যানদের একটি সম্মেলন হয়েছিল। সেখানে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। এরপর প্রধানমন্ত্রী তাঁদের ডেকে পাঠান। এ সময় কয়েকজন হেডম্যান তাঁদের ভূমি হারানোর কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁদের ভূমি ফেরত দেওয়ার আশ্বাস দেন। তার মানে এই নয় যে বাঙালিদের উচ্ছেদ করে হেডম্যানদের ভূমি দেওয়া হবে। এ নিয়ে পরে বিভ্রান্তি ছড়ানো হয়।আরেকটি সূত্র জানায়, চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায়ের বাবা ত্রিদিব রায় ২১ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে মারা যান। সরকার ইতিমধ্যে তাঁর মৃতদেহ দেশে ফিরিয়ে আনার অনুমতি দিয়েছে। পাহাড়ের বাঙালিরা মনে করে, ত্রিদিব রায় স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন না। কিন্তু পাহাড়িরা মনে করে, তিনি স্বাধীনতার পক্ষের শক্তি। বাঙালিরা রাজার পিতার মৃতদেহ রাঙামাটিতে আনা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে পাহাড়ি-বাঙালিদের মধ্যে উত্তেজনা আছে।