তিন দিন পর লাশ ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভেতরে খুন হওয়ার তিন দিন পর আলম হোসেন নামের এক বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হয়।এ সময় পশ্চিমবঙ্গের হোগলবাড়িয়া থানার পুলিশ, বিএসএফের মেঘনা ক্যাম্পের সদস্য, বাংলাদেশের দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন, প্রাগপুর বিজিবি কোম্পানির কমান্ডার সুবেদার রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।বিএসএফের দাবি, গত বৃহস্পতিবার ভোরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা গ্রামে আলম হোসেনকে গ্রামবাসীরা কুপিয়ে হত্যা করে।প্রাগপুর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার রেজাউল করিম লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলো ডটকমকে বলেন, আজ সকাল আটটা ২৫ মিনিটে বিএসএফ আলমের মৃতদেহ হস্তান্তর করে। মৃতদেহের মুখমণ্ডল ধারালো অস্ত্রের আঘাত ও থেঁতলানো ছিল। তবে কোনো গুলির চিহ্ন ছিল না।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহির হোসেন বলেন, আলমের চাচা বিশু প্রামাণিক লাশটি শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আলম হোসেন জামালপুর গ্রামের মুন্তাজ প্রামাণিকের ছেলে।