তিন দিন পর সূচক কমল বাজারে
টানা তিন দিন ঊর্ধ্বমুখী থাকার পর আজ সোমবার সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দুই বাজারেই লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি সূচকও কমেছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেনও কম হয়েছে।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা তিন দিন বাজার ঊর্ধ্বমুখী থাকায় আজ অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় নিম্নমুখী অবস্থা দেখা দিয়েছে। যা স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখাচ্ছেন সংশ্লিষ্টরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১.২০ পয়েন্ট কমে ৪৫২১.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক ৫০ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক নিম্নমুখী হয়। বেলা দুইটার দিকে সূচক ১০৬ পয়েন্ট কমেছিল। সূচক কমার হার কিছুটা কমলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।আজ ডিএসইতে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টিরই দাম কমেছে। বেড়েছে ৭৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪৬২ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, লংকাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, ঢাকা ব্যাংক, এনবিএল ও কেয়া কসমেটিকস।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৫৫.৪২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৩০০০.২৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টিরই দাম কমেছে। বেড়েছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৫৪ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকার কম।