তিন দিনব্যাপী লোকমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে শেষ হয়েছে তিন দিনব্যাপী ১৪৯তম রবীন্দ্র জন্মবার্ষিকী ও লোকমেলা। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ থেকে ১০ মে পর্যন্ত অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা, সংগীত, নৃত্যানুষ্ঠান, নৃত্যালেখ্য ও নাটক। রবীন্দ্র ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে গোটা রবীন্দ্র কমপ্লেক্স চত্বর। ৮ মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সচিব কাজী রিয়াজুল হক, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য শামীমা সুলতানা, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও ফুলতলা উপজেলা চেয়ারম্যান মো. আলাউদ্দিন সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। প্রথম দিনের আলোচনার বিষয় ছিল ‘শতবর্ষে গীতাঞ্জলি’। আলোচনা করেন সাধন রঞ্জন ঘোষ ও মো. আবদুল মান্নান।দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে খুলনার মেয়র তালুকদার আবদুল খালেক এবং বিশেষ অতিথি হিসেবে খুলনার সহকারী পুলিশ সুপার (খ অঞ্চল) মো. নাসিরউদ্দীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। দ্বিতীয় দিনের আলোচনার বিষয় ‘ঔপন্যাসিক রবীন্দ্রনাথ’। আলোচনা করেন সুশান্ত সরকার ও অচিন্ত্য কুমার ভৌমিক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনার বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) অমিয় কুমার ঘোষ এবং বিশেষ অতিথি হিসেবে ডিআইজি, খুলনা শেখ হিমায়েত হোসেন উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার। এ দিনের আলোচনার বিষয় নির্ধারণ করা হয় ‘রবীন্দ্র কাব্যে চিত্রময়তা’। আলোচনা করেন সুহাসিনী চক্রবর্তী ও আনোয়ারুজ্জামান মোল্যা। এ ছাড়া প্রতিদিন সংগীত, নৃত্যানুষ্ঠান, নৃত্যালেখ্য ও নাটক পরিবেশন করা হয়।এ উপলক্ষে রবীন্দ্র কমপ্লেক্স চত্বরে বসে লোকমেলা। মৃৎশিল্প ও বিভিন্ন লোকজ পণ্যের অনেক দোকান বসে মেলায়। ছিল নাগরদোলা।