চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মুকিম ব্রাদার্স। মোস্তফা সরয়ার ফারুকীর গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। নাটকে অভিনয় করছেন জাহিদুল হক। কথা হলো তাঁর সঙ্গে।আপনি তো এখন অভিনয় করছেন। শুরুটা হয়েছিল কীভাবে?আমি ১৯৯৪ সাল থেকে কী-বোর্ড বাজাই। আমাদের একটা ব্যান্ড ছিল। নাম ত্রিলয়। শূন্য নামে আমাদের একটা অ্যালবামও বেরিয়েছিল। এখন আর ব্যান্ডটি নেই। এরপর আমি অর্থহীনের সঙ্গে কিছুদিন ছিলাম। গান লিখি। পড়াশোনা করেছি গ্রাফিক্স ডিজাইনের ওপর। এটিএন বাংলায় অর্থহীনের সুমনের সঙ্গে অনেক দিন আগে রক লিংক নামে একটা অনুষ্ঠান করতাম। আমি ছিলাম ক্যামেরার পেছনের লোক। বছর চারেক আগে রেডিও ফুর্তিতে যোগ দিই। এখানে আমি এখন স্টেশন প্রযোজক। উপস্থাপনাও করি। ‘আরজে অপু’ নামেই সবাই আমাকে চেনে।আর অভিনয়?মুকিম ব্রাদার্স ধারাবাহিকের পরিচালকের সঙ্গে অনেক আগে থেকেই যোগাযোগ ছিল। আমরা দুজন কিছু একটা করার পরিকল্পনা করছিলাম। ঠিক ওই সময় মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে পরিচয় হয়। তখন ওনারা নাটকটির জন্য ‘বড় মুকিম’কে খুঁজছিলেন। আমাকে দেখেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন। শুরুতে ভেবেছিলাম এটা হয়তো ছোট কিছু হবে, মানে চিকেন রোল। পরে কাজ করতে গিয়ে দেখি বিশাল আকারের বিফ রোল। এখন অবশ্য আমাদের অল্প কিছু কাজ বাকি আছে।ইদানীং টিভি চ্যানেলগুলোতে আপনার অভিনীত একটা বিজ্ঞাপনচিত্র দেখানো হচ্ছে।হ্যাঁ, ‘মিইল্লা গেছে ফ্রেঞ্চ ফ্রাইজ’। এর গল্পটা অসাধারণ। মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছেন। এই বিজ্ঞাপনচিত্রে কাজ করতে গিয়ে আমাকে প্রচুর দৌড়াতে হয়েছে। শুরুটা হতো গুলশান থেকে। আর আশুলিয়ায় গিয়ে শেষ হতো। তিন দিন শুটিং হয়েছে। পরে দেখি, এই তিন দিনে আমার আড়াই কেজি ওজন কমেছে! এরপর দুই সপ্তাহ পায়ে প্রচণ্ড ব্যথা ছিল।এখন আর কী করছেন?চাকরি তো করছি। আগেই বলেছি, আমি আর আশফাক নিপুণ মিলে কিছু একটা করার পরিকল্পনা করছিলাম। সেটাই এখন আবার শুরু করেছি। একটা ধারাবাহিক বানাব। আশা করছি, মুকিম ব্রাদার্স থেকে সেটি আরও বেশি জনপ্রিয় হবে। কারণ বিষয়টা সে রকমই। এখন আর কিছু বলব না।