তিন দিনে নতুন আক্রান্ত ৬৩ জন, প্রকোপ কমাতে নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিনে অ্যানথ্রাক্সে নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫৮৩ জনে। দেশের ১২টি জেলার ২২টি উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ নিশ্চিত করেছে সরকার। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গতকাল সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। অন্যদিকে সরকার কোরবানি ঈদের আগে অ্যানথ্রাক্সের প্রকোপ কমিয়ে আনার লক্ষ্যে ২৫ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে। গত ৭২ ঘণ্টায় শুধু লালমনিরহাট ও লক্ষ্মীপুরে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে ৫৪ জন। আইইডিসিআর সূত্র বলছে, এসব এলাকায় অ্যানথ্রাক্সের সংক্রমণ আর যেন না বাড়ে, সে জন্য গবাদিপশুকে টিকা দেওয়া প্রয়োজন। নইলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী বলেছেন, ওই এলাকার গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা করে অ্যানথ্রাক্সের জীবাণু পাওয়া যায়নি। তাই ওই সব এলাকায় টিকা দেওয়ার পরিকল্পনা তাঁদের নেই। প্রসঙ্গত, গত ১৮ আগস্ট সিরাজগঞ্জের বেলকুচি ও কামারখন্দ উপজেলায় অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দেয়। আইইডিসিআরের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরের কামালনগরে ২৫ জন ও লালমনিরহাটের আদিতমারিতে ২৯ জন এ রোগে আক্রান্ত হয়েছে। দুজন করে আক্রান্ত হয়েছে মেহেরপুরের গাঙনিতে, কুষ্টিয়ার ভেড়ামারায় ও সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। এ ছাড়া লালমনিরহাট সদর, চট্টগ্রাম শহর ও রাজশাহীতে একজন করে আক্রান্ত হয়েছে। আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, প্রথম দিকে যেসব এলাকা আক্রান্ত হয়েছিল সেসব এলাকায় এখন আর মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হচ্ছে না। সচেতনতার অভাবেই নতুন নতুন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।মাহমুদুর রহমান বলেন, অ্যানথ্রাক্সের প্রকোপ রোধে আক্রান্ত গবাদিপশুকে টিকা দিতে হবে। এ জন্য কারা টিকা দেবে, কীভাবে দেবে, এ কাজে পর্যাপ্ত জনবল আছে কি না, এসব বিষয়ের ওপর সরকারকে জোর দিতে হবে। তিনি বলেন, বেসরকারি সংস্থার কর্মীদেরও এ কাজে লাগানো যেতে পারে। প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে জানা গেছে, এ পর্যন্ত ৪৬টি গরু ও ৫৬টি ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বরের পর কোনো গবাদিপশু এ রোগে আক্রান্ত হয়নি। আক্রন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গবাদিপশুকে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ আলী প্রথম আলোকে বলেন, নতুন করে দেশের কোনো স্থানের গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়নি। লক্ষ্মীপুর ও লালমনিরহাট এলাকার অ্যানথ্রাক্সের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কর্মকর্তারা পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন, ওই এলাকার কোনো গবাদিপশু অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়নি।’স্টিয়ারিং কমিটি: অ্যানথ্রাক্সের প্রকোপ ঠেকাতে স্টিয়ারিং কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। আগামী মঙ্গলবার আন্তমন্ত্রণালয় সভায় এ কমিটি গঠন করা হবে। গতকাল সচিবালয়ের নিজ কার্যালয়ে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের এ কথা জানান। মন্ত্রী বলেন, কোরবানি ঈদের আগেই দেশ থেকে অ্যানথ্রাক্স নিশ্চিহ্ন করার লক্ষ্যে কাজ শুরু করছে সরকার। এ লক্ষ্যেই ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটি করা হচ্ছে। কমিটিতে মৎস্য ও প্রাণিসম্পদ, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, পরিবেশ মন্ত্রণালয় ও ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা থাকবেন। তিনি বলেন, ‘আশা করি এক মাসের মধ্যেই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণ করা যাবে।’ ঢাকায় অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দিয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এ ব্যাপারে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, যেসব এলাকায় সংক্রমণ ধরা পড়েনি যেসব এলাকার গবাদিপশুকে টিকা দেওয়া হবে না।সতর্কতা অবলম্বনের পরও কেন এখনো এ রোগ ছড়াচ্ছে—এমন প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, অ্যানথ্রাক্স আক্রান্ত প্রাণীর সংখ্যা কম। কিন্তু আগেই এ রোগের জীবাণু ছড়িয়ে যাওয়ায় অনেক এলাকায় অ্যানথ্রাক্স ছড়িয়ে পড়েছে। তাই এখন এ রোগ দেখা দিয়েছে।