তিন দিনে ২২ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ডিসিসি
ঈদুল আজহার তিন দিনে পশুবর্জ্যসহ প্রায় ২২ হাজার টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) বর্জ্য-ব্যবস্থাপনা বিভাগ। তবে কয়েকটি এলাকায় গতকাল বুধবার পশুবর্জ্য দেখা গেছে।গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যবারের মতো এবার আর প্রধান সড়কগুলোতে পশুর বর্জ্যের স্তূপ নেই। তবে মোহাম্মদপুর, আগারগাঁও ও পুরান ঢাকার কয়েকটি এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু পশুবর্জ্য দেখা গেছে। এসব এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, ঈদের দিন বিকেলের মধ্যেই প্রধান সড়কগুলো থেকে পশুবর্জ্য অপসারণ করেন ডিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা। মহল্লার অলিগলিতে পড়ে থাকা পশুবর্জ্যও খবর পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা সরিয়ে নিয়েছেন। বাসিন্দাদের অভিযোগ, পরিচ্ছন্নতাকর্মীরা প্রধান সড়কগুলো পরিষ্কার রাখার ক্ষেত্রে বেশি মনোযোগ দেওয়ায় মহল্লার ভেতরের রাস্তাগুলোতে বর্জ্য রয়ে গেছে।গতকাল দুপুরের দিকে আগারগাঁও এলাকায় গিয়ে দেখা যায়, গোবর, খড় ও অন্যান্য বর্জ্য স্তূপ করে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। পোড়া বর্জ্যের উৎকট গন্ধে ওই এলাকা দিয়ে চলাচল করা কষ্টকর।শ্যামলী রিং রোডের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের সামনে, মোহাম্মদপুরের শিয়া মসজিদ, পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিট, ওয়ারির কয়েকটি সড়কে দুপুরেও পশুবর্জ্য পড়ে থাকতে দেখা যায়।লালমোহন সাহা স্ট্রিটের বাসিন্দা মো. মাসুম বলেন, গতকালও তাঁদের এলাকার রাস্তা থেকে পশুবর্জ্য অপসারণ করা হয়নি।জানতে চাইলে ডিসিসির প্রধান বর্জ্য-ব্যবস্থাপক বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, তিন দিনে রাজধানীর বেশির ভাগ এলাকার ৮৫ শতাংশ পশুবর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে। গতকালও বেশ কিছু এলাকায় পশু কোরবানি হওয়ায় নতুন করে পশুবর্জ্য তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে অবশিষ্ট বর্জ্য অপসারণ করা হবে। আগারগাঁওয়ে পশুবর্জ্য পোড়ানোর সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কেউ হয়তো ভুল করে বর্জ্যে আগুন ধরিয়ে দিয়েছে। অন্য কোথাও যেন এমন না হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।