পুলিশের হেফাজতে রহস্যজনক মৃত্যুর তিন দিন পরও মিজানের লাশ পাননি স্বজনেরা। বাড্ডার নয়ানগর এলাকার মানুষ এ ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার বিক্ষোভ করেছে।এ ঘটনা তদন্তে মহানগর পুলিশ সদর দপ্তরের যুগ্ম কমিশনার মনজুর কাদের খানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এ কে এম হাফিজ আক্তার ও উত্তরা বিভাগের সহকারী কমিশনার আবদুল্লাহ আল মামুন। হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, তাঁরা তদন্তকাজ শুরু করেছেন।মিজানের স্ত্রী তাসলিমা আক্তার জানান, তিন দিন আগে পুলিশ তাঁর স্বামীকে গুলি করে হত্যা করেছে, এখন লাশও দিচ্ছে না। ঢাকা মেডিকেল কলেজ মর্গে লাশ পড়ে আছে। তিনি বলেন, গত মঙ্গলবার ভোরে গুলশান থানার এসআই আনিসুর রহমান বাড্ডার নয়ানগরের বাসা থেকে তাঁর স্বামীকে ধরে নিয়ে যান। দুই দিন পর থানাহাজত থেকে তাঁকে গুলশান ২ নম্বরের ৪২ নম্বর সড়কে নিয়ে ছিনতাইকারী সাজিয়ে গুলি করে হত্যা করা হয়। এখন পুলিশ মনগড়া সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ নিতে বলছে। কিন্তু পুলিশের প্রতি তাঁর বিশ্বাস নেই। তিনি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে লাশ বুঝে নিতে চান।এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান প্রথম আলোকে বলেন, পুলিশের হেফাজতে কিংবা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কেউ মারা গেলে ম্যাজিস্ট্রেট নিজে সুরতহাল প্রতিবেদন তৈরি করবেন। এরপর লাশ স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হবে। মর্গ সূত্র জানায়, মিজানের ক্ষেত্রে তা হয়নি। এ জন্যই তাঁর স্ত্রী লাশ নিতে আপত্তি করেছেন।তাসলিমা জানান, গুলশান থানা পুলিশের বিরুদ্ধে তাঁরা আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছেন।পুলিশের দাবি, বুধবার রাত একটার দিকে গুলশান ২ নম্বরের ৪২ নম্বর সড়কে ছিনতাইয়ের সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিজান মারা যান। এলাকাবাসী জানায়, মঙ্গলবার ভোরে পুলিশের একটি দল মিজানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। মিজানের স্ত্রীর অভিযোগ, পুলিশ এক লাখ টাকা চেয়েছিল। না পেয়ে মিজানকে গুলি করে হত্যা করে। মৃত্যুর পর গুলশান থানার পুলিশ মিজানের বিরুদ্ধে কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) খুঁজে পায়নি।গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে গুলশান ২ নম্বরের ৪২ নম্বর সড়কে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গ্রেপ্তার হওয়া ছিনতাইকারী আসলাম গতকাল শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে আসলাম ওই বন্দুকযুদ্ধের বিস্তারিত বর্ণনা দেন।বিক্ষোভ: গতকাল বিকেলে বাড্ডার নয়ানগরের শখানেক নারী-পুরুষ স্থানীয় মধ্যপাড়া থেকে মিছিল বের করেন। এতে মিজানের স্ত্রী ও শিশুসন্তান লিজা আক্তারও অংশ নেয়। তারা স্লোগান দেয়, ‘মিজান হত্যাকারী দারোগা আনিসের ফাঁসি চাই, দিতে হবে। হত্যাকাণ্ডের বিচার চাই, করতে হবে।’ মিছিলটি নয়ানগর ও বারিধারার জে-ব্লক, বাড্ডা থানা হয়ে গুলশান থানার দিকে যাচ্ছিল। এ সময় বাড্ডা থানার পুলিশ মিছিলে বাধা দেয়। মিছিলটি সেখান থেকে নয়ানগরে ফিরে যায়।