এলাকাবাসীর বিক্ষোভ, পাউবোয় ভাঙচুর
তিন দিনের ব্যবধানে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে আবারও ধস
তিন দিনের ব্যবধানে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের (হার্ড পয়েন্ট) গয়লা এলাকায় আবারও ধস নেমেছে। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাঁধের ১০৫ মিটার এলাকা ধসে যায়। তবে রাতেই সিসি ব্লক ও বালুর বস্তা ফেলে ধস নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ধসের ঘটনায় বিক্ষুব্ধ জনতা এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিশেষায়িত শাখা ও পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ (পওর) শাখার দুটি কার্যালয় ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।এর আগে গত সোমবার বাঁধে ধস নামে। গত তিন বছরে এ নিয়ে পাঁচবার বাঁধে ধসের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতের ধসের পর পুরো বাঁধ এলাকায় সতর্কাবস্থা জারি করে পুলিশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।এলাকাবাসী ও পাউবো সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গয়লা এলাকায় বাঁধের নিচের অংশের সিসি ব্লক আকস্মিকভাবে দেবে যায়। গত সোমবার এখান থেকে মাত্র ২০০ মিটার দূরে ধস নেমেছিল। মুহূর্তের মধ্যে বাঁধের ‘ডি’ সেকশনের ৪২৫ মিটার থেকে ৫৩০ মিটার পর্যন্ত ১০৫ মিটার এলাকা দেবে যায়। এ সময় বাঁধের ওপরের সংযুক্ত পাকা সড়কের অংশসহ পশ্চিমের মাটির অংশও ধসে যায়।কিন্তু এ সময় পাউবোর কোনো কর্মকর্তাকে ঘটনাস্থলে না পেয়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে ৪০০-৫০০ মানুষ লাঠিসোঁটা নিয়ে পাউবোর বিশেষায়িত (বিআরই) শাখার কার্যালয় ও আমলাপাড়ায় অবস্থিত পওর শাখার কার্যালয়ে হামলা চালায়। বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে দুটি কার্যালয়, রেস্ট হাউস, পওর বিভাগের নির্বাহী প্রকৌশলীর বাসভবনের দরজা-জানালার কাচ ভাঙচুর করে। সেখানে রাখা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করা হয়। এ সময় অবরুদ্ধ হয়ে পড়ে পাউবোর আবাসিক কলোনির ২০টি পরিবার। পরে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় জনতাকে ছত্রভঙ্গ করতে ১০টি রাবার বুলেট ছোড়ে পুলিশ।মো. তাজউদ্দীন নামের এক এলাকাবাসী বলেন, রাত ১১টার দিকে বিকট শব্দ হওয়ার পর ঘর থেকে বের হয়ে দেখি, একের পর এক ধস নামছে। পাউবোর কোনো কর্মকর্তা এলাকায় নেই। নেই কোনো শ্রমিক। এলাকাবাসী একত্র হয়ে ধসের স্থানে সিসি ব্লক ফেলতে শুরু করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে কাজ শুরু করেন। এ সময় ধসের ভয়াবহ দৃশ্য দেখে আশপাশের অনেক লোক বাড়িঘর ফেলে অন্যত্র চলে যেতে শুরু করে।শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় সেনাবাহিনীর ১০ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্যরা ধস প্রতিরোধকাজ তদারক করছেন।পাউবোর বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মালেক বলেন, বাঁধের নিচের অংশে পানির ঘূর্ণাবর্ত ঢুকে সিসি ব্লকের নিচের মাটি সরিয়ে নিয়ে যায়। ব্লকের নিচের মাটি সরে যাওয়ায় এ ধস নেমেছে বলে ধারণা করা হচ্ছে।আবদুল মালেক আরও বলেন, রাতেই ধস নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এখন বিপদমুক্ত। তবে ওই স্থানসহ বাঁধের ভালো অংশগুলোর ওপর তীক্ষ নজর রাখা হচ্ছে। পর্যাপ্ত সিসি ব্লক আর জিওটেক্স বালুর বস্তা মজুদ রয়েছে। ধস নামলে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। পুরো বাঁধ এলাকায় সতর্কাবস্থা জারি করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।গতকাল শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন শেষে পাউবোর রাজশাহী অঞ্চলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন জরিপে হার্ড পয়েন্ট ঝুঁকিমুক্ত বলেই মনে হয়েছে। কিন্তু তার পরও এ ধসের ঘটনা ঘটল। যমুনা নদীর অভ্যন্তরের (পূর্ব) দিকে চর জেগে ওঠায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে তীরের দিকে আঘাত হানছে। এ কারণেও এ অবস্থা হতে পারে।সিরাজগঞ্জ শহরকে ভাঙনের হাত থেকে স্থায়ীভাবে রক্ষা করতে ১৯৯৭ সালে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার দীর্ঘ শহর রক্ষা বাঁধ (হার্ড পয়েন্ট) নির্মাণ করা হয়। নির্মাতা প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার হুন্দাই কোম্পানি বাঁধটির জন্য ১০০ বছরের নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু নির্মাণ শেষ হতেই ধসের ঘটনা ঘটে।এরপর ২০০৯ সালের ১০ ও ১৭ জুলাই দুই দফা, ২০১০ সালের ১৯ জুলাই এবং গত এক সপ্তাহে দুবার ধস নামে।এদিকে উজান থেকে নেমে আসা ঢলে যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টায় ৩৩ সেন্টিমিটার পানি বেড়ে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা বিপদসীমার মাত্র দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।