তিন দিনের বড় দরপতনে শেয়ারবাজার মৃতপ্রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজি গেছে আগেই। এখন প্রতিদিনই বাড়ছে দেনা। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্ব হারিয়ে এখন রাজপথে। ঈদের পর টানা তিন দিনের দরপতনের ধাক্কায় দেশের শেয়ারবাজার এখন হয়ে পড়েছে মৃতপ্রায়।অথচ ঈদুল আজহার ছুটির পর বাজার ঘুরে দাঁড়াবে—এমন আশায় বুক বেঁধেছিলেন প্রায় সবাই। কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো। টানা তিন দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ৫৬০ পয়েন্ট। এর মধ্যে গতকাল মঙ্গলবার এক দিনেই কমেছে ২২৮ পয়েন্ট।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক তিন দিনে প্রায় এক হাজার ৩৯২ পয়েন্ট কমে গেছে। আর গতকাল এক দিনে কমেছে প্রায় ৫৬১ পয়েন্ট। এ অবস্থায় করণীয় নির্ধারণে আজ বুধবার শেয়ারবাজারসংশ্লিষ্ট সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জরুরি বৈঠক ডেকেছেন। দরপতনে রোধে আন্দোলনরত বিনিয়োগকারীরা এত দিন ধরে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে আসছিলেন। গতকাল বিকেলে প্রধানমন্ত্রী শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। এসইসির চেয়ারম্যান এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বাজার স্থিতিশীল করার জন্য সরকারের পক্ষ থেকে যা করণীয় তার সবকিছু করার আশ্বাস দিয়েছেন।’ গত দুই দিনের বড় দরপতনের পর গতকাল শেয়ারের দরবৃদ্ধি দিয়েই ডিএসইতে লেনদেন শুরু হয়েছিল। প্রথম ১৫ মিনিটের মধ্যেই ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে যায়। এরপরই শুরু হয় দরপতন, যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিকে দরপতনের প্রতিবাদে গতকাল ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বিনিয়োগকারীরা বিক্ষোভ করেছেন। তবে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে রাজধানীর মতিঝিলে। এ সময় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা খড়কুটো দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটান। এত দিন বিনিয়োগকারীরা ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করে এলেও গতকাল প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়ে চার ঘণ্টারও বেশি সময় বিক্ষোভ করেন। প্রত্যক্ষদর্শী ও আন্দোলনকারীরা জানান, দরপতনের প্রতিবাদে দুপুর ১২টার দিকে আন্দোলনরত বিনিয়োগকারীরা মতিঝিলের ডিএসই ভবনের সামনের সড়কে অবস্থান নেন। তাতে ওই সড়কের উভয় পাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় বিনিয়োগকারীরা ডিএসই ভবন থেকে শাপলা চত্বর পর্যন্ত এলাকায় মিছিল করতে থাকেন। একপর্যায়ে তাঁরা মিছিল নিয়ে দিলকুশায় এসইসি কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। বেলা একটার দিকে বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে অবস্থান নেন। বাজার পরিস্থিতি নিয়ে যোগাযোগ করা হলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ও এসইসির সাবেক চেয়ারম্যান এবি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ বিনিয়োগযোগ্য একটি বাজারে এ ধরনের দরপতনের যৌক্তিক কোনো কারণ দেখছি না। কেন বিনিয়োগকারীরা এখনো বিনিয়োগে এগিয়ে আসছেন না তাও বোধগম্য নয়। বাজারের এ অবস্থা উত্তরণে ব্যক্তিশ্রেণীর সাধারণ বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ দরকার। কারণ আমাদের বাজার এখনো ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীনির্ভর।’ বাজার স্থিতিশীল করতে করণীয় প্রসঙ্গে তিনি বলেন, ব্যাংক মালিক ও প্রধান নির্বাহীদের সংগঠন বিএবি ও এবিবি এর আগে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যাপারে যেসব ঘোষণা দিয়েছে, সেগুলোর বাস্তবায়নের জন্য নিয়ন্ত্রক সংস্থা ও সরকারের দিক থেকে উদ্যোগ নেওয়া যেতে পারে। এ ছাড়া বাংলাদেশ ফান্ডকে কীভাবে আরও সক্রিয় করা যায়, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি মিউচুয়াল ফান্ড ও বিমা খাতের উদ্বৃত্ত টাকা কীভাবে শেয়ারবাজারে নিয়ে আসা যায় সে উদ্যোগও নেওয়া যেতে পারে। মির্জ্জা আজিজ আরও বলেন, ‘বিনিয়োগযোগ্য একটি বাজারে বড় দরপতনের পেছনে কোনো কারসাজি আছে কি না, সেটিও খতিয়ে দেখা দরকার। কারা এই বাজারে শেয়ার বিক্রির চাপ তৈরি করছে, সেটি খতিয়ে দেখা উচিত। এ ছাড়া মৌলভিত্তির নতুন নতুন কোম্পানি বাজারে নিয়ে আসতে হবে। এতে করে সূচক বাড়লে তা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসও বাড়াবে।’প্রধানমন্ত্রীর বৈঠক: পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যায় গণভবনের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও এসইসি, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আইসিবিসহ বাজারসংশ্লিষ্ট অন্যদেরও এই বৈঠকে থাকতে বলা হয়েছে। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন। শেয়ারবাজারের সাম্প্রতিক ধসের পর বাজারসংশ্লিষ্ট সব পক্ষ নিয়ে প্রথমবারের মতো এই বৈঠক করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর আগে বাজারে ধস শুরু হলে চলতি বছরের জানুয়ারিতে বাজারসংশ্লিষ্ট সবাইকে নিয়ে অর্থমন্ত্রী একটি বৈঠক করেন। ওই বৈঠকের পরই সাময়িকভাবে বন্ধ করে লেনদেন আবারও চালু করা হয়। বাজার পরিস্থিতি: সোমবারই ডিএসইর সাধারণ সূচক পাঁচ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছিল। গতকাল সেটি আরও কমে হয়েছে চার হাজার ৬৪৯ পয়েন্ট। এটি গত ২৩ মাসের মধ্যে সূচকের সর্বনিম্ন অবস্থান। এর আগে ২০১০ সালের ৪ জানুয়ারি সর্বশেষ ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৬৪৩ পয়েন্টের নিচে ছিল। মঙ্গলবার ঢাকার বাজারে ২৪৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২৩৯টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র আটটির আর অপরিবর্তিত ছিল একটির দাম। দিন শেষে ডিএসইতে প্রায় ২৫৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি টাকা কম। সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল নেমে এসেছে ১৩ হাজার ৩৮৪ পয়েন্টে। এই দিন চট্টগ্রামের বাজারে ১৭০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৬০টিরই দাম কমেছে, বেড়েছে আটটির আর অপরিবর্তিত ছিল দুটির দাম। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।