তিন দিনের মধ্যে জটিলতা অবসানের আশ্বাস দুদকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিশনের বৈঠক করে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুর্নীতির ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবারই মামলা করার সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের এ সিদ্ধান্তে বিশ্বব্যাংক সন্তুষ্ট হবে বলেও মনে করছে সংস্থাটি।গতকাল বুধবার সন্ধ্যায় দুদকের কমিশনার মো. শাহাবুদ্দীন সাংবাদিকদের বলেন, ‘আমাদের পর্যালোচনা শেষ। ষড়যন্ত্রকারীদের বিষয়ে নিশ্চিত হয়েছি। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে বৃহস্পতিবারই আইনি পদক্ষেপ নেওয়ার। কোনো কারণে না হলে পরবর্তী কর্মদিবসে (সোমবার) অবশ্যই তা করা হবে।’ তবে মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী রয়েছেন কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, দুদকের মামলায় বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ সরকার তথা দুদকের সব ধরনের দূরত্ব দূর হবে।প্রায় একই সুরে দুদকের আইন উপদেষ্টা আনিসুল হকও সাংবাদিকদের বলেন, দুদকের বর্তমান সিদ্ধান্তে বিশ্বব্যাংক খুশি হবে। আর সবশেষে কার্যালয় প্রাঙ্গণে দুদকের চেয়ারম্যান বলেন, আর মাত্র তিন দিনের মধ্যেই পদ্মা সেতুর বিষয়ে সব অনুসন্ধান ও জটিলতার অবসান ঘটবে।এর আগে বিকেলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুদকের চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন। এ সময় তাঁর সঙ্গে দুজন বিদেশি নাগরিক ছিলেন। এর পরই দুদকে আসেন আনিসুল হক। দুদকের বিশেষ তদন্ত ও অনুসন্ধান সূত্র প্রথম আলোকে জানান, কমিশনের কাছে জমা হওয়া খসড়া প্রতিবেদনটির বিভিন্ন আইনি দিক নিয়ে পর্যালোচনায় দিনভর দফায় দফায় বৈঠক হয়েছে।