তিন দিনের রিমান্ড শেষে জঙ্গি নেতা মুফতি রউফ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেননি জঙ্গি নেতা মুফতি আবদুর রউফ। তাঁকে এই মামলায় তিন দিনের রিমান্ডে ঢাকায় সিআইডির সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ রোববার গোপালগঞ্জের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির গোপালগঞ্জ অফিসের পরিদর্শক আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, মুফতি রউফ বানিয়ারচর গির্জায় বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেননি। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা রয়েছে।জানা গেছে, মুফতি আবদুর রউফ জঙ্গি সংগঠন তাআমির উদ-দ্বীনের প্রতিষ্ঠাতা আমির। এ দেশে তত্পরতার শুরুর দিকে নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) চিফ কমান্ডার (সামরিক শাখার প্রধান) মুফতি রউফ।উল্লেখ্য, গত ২০০১ সালের ৩ জুন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় সাপ্তাহিক প্রার্থনা চলাকালে বোমা হামলা হয়। এতে ১০ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হন।ঘটনাস্থলের অদূরে মাদারীপুর জেলার রাজৈরে মুফতি রউফের গ্রামের বাড়ি। বাড়ির সামনে রউফদের একটি মাদ্রাসা ছিল। গির্জায় বোমা হামলার পরদিন ওই মাদ্রাসার সব ছাত্র-শিক্ষক গা ঢাকা দেন। ওই ঘটনায় রউফের সম্পৃক্ততা রয়েছে বলে তখনই সন্দেহ করা হয় বলে ওই সময় তদন্ত-সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা প্রথম আলোকে জানান। ওই কর্মকর্তার দাবি, তখনই মুফতি রউফের সম্পৃক্ততার কিছু আলামত পাওয়া গেলেও কিছুদিন পর বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসার পর তদন্ত আর এগোতে পারেনি।সিআইডির সূত্র জানায়, রিমান্ডে মুফতি রউফ স্বীকার করেছেন, তিনি আফগানিস্তানে সোভিয়েতবিরোধী যুদ্ধে অংশ নিয়েছিলেন। ১৯৯২ সালে দেশে ফিরে তিনি হুজিতে যোগ দেন এবং সংগঠনের সামরিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৮৩ সালে ভারতের দেওবন্ধ মাদ্রাসা থেকে ফেকাহ্ শাস্ত্রে পাস করেন।মুফতি রউফকে বেশ কয়েকজন সহযোগীসহ ২০০৬ সালে ময়মনসিংহের ভালুকা উপজেলার জীবনতলা মাদ্রাসা থেকে র্যাব গ্রেপ্তার করে। রাজবাড়ীতে ১৭ আগস্ট বোমা হামলা মামলায় ইতিমধ্যে তাঁর ১২ বছরের কারাদণ্ড হয়েছে।