তিন দিনের রিমান্ডে ব্লগার আসিফ
ব্লগার আসিফ মহিউদ্দীনকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মহানগর হাকিম আনোয়ার সাদাত এই রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিল।আসিফের বড় বোন ইডেন কলেজের শিক্ষিকা জাহিদা মেহরুন নেছা প্রথম আলোকে বলেন, হামলার শিকার হওয়ার পর থেকে আসিফ তাঁর আরেক বোন জুয়েলা জেবুন্নেসার বাসায় থাকছিলেন। গতকাল ভোর থেকে ডিবি ওই বাসায় তিনবার যায়। পরে তাঁর বোন জুয়েলা দুপুরের দিকে নিজের গাড়িতে করে আসিফকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যান।ব্লগার আসিফকে গত ১৪ জানুয়ারি রাতে উত্তরায় নিজ কার্যালয়ের সামনে হত্যার চেষ্টা চালানো হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার হওয়া চারজন জঙ্গি সংগঠন আল-কায়েদার আদর্শে বিশ্বাসী বলে জানান ডিবির কর্মকর্তারা। একই আদর্শের অনুসারীরাই গত ১৫ ফেব্রুয়ারি রাতে হত্যা করে ব্লগার আহমেদ রাজীব হায়দারকে।এর আগে ২০১১ সালের সেপ্টেম্বর মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে ব্লগে লেখার কারণে আসিফকে আটক করেছিল ডিবি। তখন তাঁকে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল।