চট্টগ্রামের মিরসরাইয়ে নিহত শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনায় আজ বৃহস্পতিবার খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নিহত ছাত্রদের জন্য আয়োজন করা হচ্ছে প্রার্থনার। তিন দিনের শোক কর্মসূচি আজ শেষ হচ্ছে।শোক কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বুধবার আবুতোরাব উচ্চবিদ্যালয়ে শোকসভার আয়োজন করা হয়। নিহত শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয় সরকার-ঘোষিত অনুদানের টাকা।এদিকে আহত আরও ১৫ জন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। এত দিন বিষয়টি গোপন ছিল। কিন্তু তাদের শারীরিক অবস্থার অবনতি হলে জানাজানি হয়। এদের মধ্যে আটজনকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গত মঙ্গলবার আহত শিক্ষার্থীদের অবস্থার অবনতি দেখে স্বজনেরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের শরণাপন্ন হন। জনপ্রতিনিধিরা অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে করে এদের উন্নত চিকিৎসার জন্য প্রায় ৭০ কিলোমিটার দূরে চট্টগ্রাম নগরে পাঠানোর ব্যবস্থা করেন। আটজনকে বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। বাকি সাতজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন মোট ১৬ জন শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে ১২ জন বেসরকারি সেন্টার পয়েন্ট হাসপাতাল ও চারজন সার্জিস্কোপ ক্লিনিকে চিকিৎসাধীন। সরকারি অর্থ-সহায়তায় এদের চিকিৎসা চলছে।মায়ানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসে করে মঙ্গলবার রাতে মোট ১০ জনকে হাসপাতালে পাঠিয়েছি।’ ইউপি সদস্য সনজিৎ চক্রবর্তী বলেন, ‘আমি মাইক্রোবাসে করে আরও পাঁচ ছাত্রকে চট্টগ্রামে পাঠাই।’কবির ও সনজিৎ জানান, প্রশাসনের ঝামেলা এড়াতে এই ১৬ জনকে স্বজনেরা লুকিয়ে রেখেছিলেন। পরে শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, ইউপি চেয়ারম্যান ও সদস্যরা এদের চট্টগ্রামে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করেছেন।হাসপাতাল ঘুরে দেখা গেছে, সেন্টার পয়েন্ট হাসপাতালে চিকিৎসাধীন ১২ জনের মধ্যে তিনজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। এদের মধ্যে রায়হান উদ্দিন ও নয়ন শীলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরিফ নামে আরেকজন আছে সাধারণ ক্যাবিনে। আরিফ এখনো স্বাভাবিক কথাবার্তা বলতে পারছে না।সেন্টার পয়েন্টের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আশঙ্কাজনক তিনজনের ফুসফুসে ময়লা পানি ও বাতাস ঢোকায় সমস্যা হচ্ছে। এগুলো বের করে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা চলছে।সার্জিস্কোপ ক্লিনিকে চিকিৎসাধীন চার ছাত্রের মধ্যে কাজল নাথকে এখনো নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। জুয়েল বড়ুয়া ও নাজমুল হুদাকে রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণ কেন্দ্রে (এইচবিইউ)। মিঠু দাশ নামের আরেক ছাত্রকে সাধারণ ক্যাবিনে রাখা হয়েছে। ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক রাশেদুল ইসলাম বলেন, কাজলের অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।মৃত্যুর সংখ্যা ৩৯: মিরসরাইয়ে গত সোমবার ট্রাক উল্টে ৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। দুই দিন ধরে যাচাই-বাছাই শেষে প্রশাসন এই সংখ্যার কথা জানায়। নিহতদের মধ্যে ৩৭ জন ছাত্র। একজনের নাম একাধিকবার লেখায় আগে মৃতের সংখ্যা ৪৪ জন বলে প্রচার করা হয়।প্রশাসন সূত্র জানায়, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধার-তৎপরতা শুরু করে। এ সময় বেশির ভাগ হতাহতকে তাদের আত্মীয়স্বজনের জিম্মায় দেওয়া হয়। এতে হতাহতদের সঠিক সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়। এমনও হয়েছে, জীবিতকে মৃত এবং মৃতদের তালিকায় একবার আসল নাম, আবার দ্বিতীয়বার ডাকনাম লেখা হয়েছে।হিসাবে দেখা গেছে, নিহতদের মধ্যে ৩৫ জন স্কুলছাত্র। দুজন করে মহাবিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় ছাত্র নয় এমন দুজনের মারা যাওয়ার বিষয়টিও নিশ্চিত হওয়া গেছে।মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ কুতুব প্রথম আলোকে বলেন, ‘আমরা নিহতদের জন্য সরকারি অনুদানের টাকা বিতরণ করতে গিয়ে পাঁচজনের কোনো পরিবারকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’