তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মানির প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফ তিন দিনের সফরে কাল সোমবার দুপুরে ঢাকায় আসছেন। তাঁর এ সফরের সময় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি প্রাধান্য পাবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮৬ সালের পর এই প্রথম জার্মানির কোনো প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন।ঢাকা সফরের সময় ক্রিশিয়ান উলফ রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এ সময় বাংলাদেশের টেকসই উন্নয়নের স্বার্থে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সহায়তার বিষয়গুলো প্রাধান্য পাবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, কাল দুপুরে একটি বিশেষ বিমানে ঢাকায় আসবেন জার্মানির প্রেসিডেন্ট। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। প্রথম দিনের কর্মসূচি অনুযায়ী তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন।সফরের দ্বিতীয় দিন অর্থাত্ আগামী মঙ্গলবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। এরপর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হোটেল রূপসী বাংলায় বৈঠক করবেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজ সেরে ক্রিশ্চিয়ান উলফ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন। সেখানে তিনি বক্তৃতা করবেন। এরপর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। আলোচনা শেষে তাঁর সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে তিনি যোগ দেবেন।এ ছাড়া আগামী বুধবার ঢাকা ছাড়ার আগে বুড়িগঙ্গায় নৌবিহারে যাবেন জার্মানির প্রেসিডেন্ট।