তিন দিনের সফরে সিউল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে পৌঁছেছেন। তাঁকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি স্থানীয় সময় সোয়া ছয়টায় ইনচিয়ন বিমানবন্দরে অবতরণ করে। দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। খবর ইউএনবির।বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড হায়াতের হোটেল স্যুইটে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রী সিউল সফরকালে এখানেই থাকবেন।এর আগে প্রধানমন্ত্রী গতকাল পাঁচ দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন। তিনি প্রথমে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সেখানে সাত ঘণ্টার যাত্রাবিরতি করে তিনি সিউলে যান।প্রধানমন্ত্রী কাল সোমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।সিউল সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরশু মঙ্গলবার সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এ সময় তাঁরা বাণিজ্য, জ্বালানি ও উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এই সফরে দুই দেশের মধ্যে অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, পরিবেশ ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।এর পর প্রধানমন্ত্রী ১৮ মে বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে সিউল ত্যাগ করবেন। কুয়ালালামপুর সফরকালে প্রধানমন্ত্রী তিন দিনব্যাপী ষষ্ঠ বিশ্ব ইসলামিক ইকনোমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। ২১ মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা।