তিন দুর্বৃত্তের শেষজনও ধরা পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ কর্মকর্তা গৌতম হত্যাকাণ্ডে জড়িত তিন দুর্বৃত্তের সর্বশেষ ব্যক্তিও ধরা পড়েছেন। তাঁর নাম জামাল মল্লিক (৪০)।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শুক্রবার রাত নয়টার দিকে তাঁকে রাজধানীর মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। জামাল পুরান ঢাকার ধোলাইখাল এলাকার বাসিন্দা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে নিয়ে হত্যায় ব্যবহূত অস্ত্র উদ্ধারে অভিযান চলছিল।তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এর আগে বুধবার ডিবির হাতে গ্রেপ্তার হওয়া জাকির ওরফে বাইট্টা জাকির এবং ২৩ এপ্রিল গ্রেপ্তার হওয়া আহমেদ আলী ওরফে হায়দারকে রিমান্ডে মুখোমুখি জিজ্ঞাসাবাদের পর জামাল মল্লিকের নাম বেরিয়ে আসে। এর আগে তাঁদের সহযোগী হিসেবে মানিক নামের একজনের নাম এসেছিল।সূত্রটি আরও জানায়, জিজ্ঞাসাবাদে বাইট্টা জাকির ও আহমেদ আলী জানিয়েছেন, ওই রাতে মানিক তাঁদের সঙ্গে ছিলেন না। তাঁরা দুজন ও জামাল একসঙ্গে মাদক ইয়াবা সেবন করে হাঁটতে বের হন। হঠাত্ তিনজন লোক সামনে পড়েন। এরপর তাঁদের একজন জাকিরকে থামান এবং দেহ তল্লাশি শুরু করেন।রিমান্ডে জাকির ও আহমেদ জানান, প্রথমে জামালের দেহ তল্লাশি করা হয়, তখন তাঁরা দেখেন, ওই ব্যক্তির (গৌতম) কোমরে পিস্তল। তত্ক্ষণাত্ বাইট্টা জাকির কোমর থেকে পিস্তল বের করে গুলি করেন। পরদিন তাঁরা জানতে পারেন, যাঁকে তাঁরা গুলি করেছেন তিনি পুলিশ কর্মকর্তা। এরপর জাকির চলে যান শরীয়তপুরে শ্বশুরবাড়িতে।ডিবির সংশ্লিষ্ট এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রিমান্ডে জাকির জানান, যখন পত্রিকায় দেখেন, গৌতম হত্যার ঘটনায় জাকির নামের একজনকে র‌্যাব গ্রেপ্তার করেছে, তখন তিনি কিছুটা স্বস্তি পান। ভেবেছিলেন, এ যাত্রায় বেঁচে গেছেন।এর আগ পর্যন্ত গৌতম হত্যায় জড়িত হিসেবে জাকির, হায়দার ও মানিকের নাম বেরিয়ে এসেছিল। ১৯ এপ্রিল রাতে হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী ধোলাইখালের লালমোহন সাহা স্ট্রিটের এক নৈশপ্রহরী এই তিনজনের নাম বলেছিলেন। এরপর হায়দার, জাকির ও মানিকের সন্ধানে র‌্যাব-পুলিশ মাঠে নামে। ২৩ এপ্রিল রাতে ‘আহমেদ আলী’ ওরফে ‘হায়দার’ ওরফে ‘হাদী’ নামের এক যুবককে গ্রেপ্তার করে সূত্রাপুর থানার পুলিশ। তারা সাংবাদিকদের ডেকে গৌতম হত্যাকাণ্ডে জড়িতদের একজনকে ধরার কৃতিত্বের কথা প্রচার করে। ২৫ এপ্রিল রাতে আলী হায়দার ও জাকির হোসেন নামের দুই যুবককে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাবও গৌতম হত্যাকাণ্ডে জড়িত দুজনকে ধরার কৃতিত্ব ফলাও করে প্রচার করে।এরপরই কোন ‘হায়দার’ প্রকৃত হায়দার—এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। ফলে মামলাটির তদন্তভার এবং র‌্যাব-পুলিশের গ্রেপ্তার করা তিনজনকে ডিবির হাতে ন্যস্ত করা হয়।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, র্যাবের গ্রেপ্তার করা দুজনের কেউ ওই ঘটনায় ছিলেন না, সেটা এখন প্রমাণিত। আর সন্দেহভাজন মানিককেও আটক করে ৫৪ ধারায় রিমান্ডে নিয়ে ডিবি নিশ্চিত হয়েছে যে মানিক ওই রাতে ঘটনাস্থলে ছিলেন না। তবে তাঁর বিরুদ্ধে তিনটি হত্যা ছাড়াও ডাকাতির মামলা রয়েছে।অবশ্য জানতে চাইলে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার ছানোয়ার হোসেন র্যাবের গ্রেপ্তার করা দুজন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম কুমার রায় হত্যার ঘটনাটি পুরোপুরি উদ্ঘাটিত হয়েছে। ঘটনায় সরাসরি জড়িত তিনজন ছাড়াও তাঁদের এক সহযোগীকে ধরা হয়েছে। আবদুর রউফ ভূঁইয়া ওরফে সোহেল নামের পুরান ঢাকার এক কথিত ব্যবসায়ীর গাড়ির ভেতর বিশেষ কুঠুরিতে অস্ত্র বহন করতেন সন্ত্রাসী বাইট্টা জাকির।