তিন দেশের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার চুক্তি প্রস্তাব অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা মায়ানমার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে দ্বৈত করারোপ পরিহারসংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ বলেন, মন্ত্রিসভা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বৈদেশিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং কর ফাঁকি বন্ধ করার জন্য এ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করে।প্রসঙ্গত, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বৈতকর পরিহারের জন্য ২০০৮ সালের অক্টোবরে মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এর পর ২০১০ সালের ১৭ জানুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এ ছাড়া ২০১১ সালের ৪ জানুয়ারি বাণিজ্যমন্ত্রী সৌদি সরকারের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন। বাসস।