তিন নম্বর সতর্ক সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতভর ভারী বর্ষণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় আবারও জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চালনশীল মেঘের কারণে এই বৃষ্টি আরও একদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম ও আশপাশে ১৬০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে এই বৃষ্টি শুরু হয়। আজও থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে। বৃষ্টির কারণে নগরের মুরাদপুর, বহদ্দারহাট, বাদুরতলা, কাপাস-গোলা, চকবাজার, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়া, ডিসি রোড, মাস্টারপুল, আগ্রাবাদ, চাক্তাই, সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি দেখা গেছে। এর আগে গত ৮ সেপ্টেম্বর ভারী বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছিল।গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে দুই সমুদ্রবন্দর, কক্সবাজার ও তদ্সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ফলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।