তিন নম্বর সতর্কতা সংকেত বহাল, পানিবন্দী উপকূলের মানুষ
মৌসুমি নিম্নচাপের প্রভাবে আজ শনিবারও চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর, কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। সাগর উত্তাল রয়েছে। দুই সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রবল বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। টানা বৃষ্টির কারণে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।পতেঙ্গা আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ছয়টার পর আজ এখনো কোনো বিজ্ঞপ্তি দেয়নি। তাদের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি গত বৃহস্পতিবার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। এর প্রভাবেই উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। ঝোড়ো আবহাওয়ার জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। আজ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর বরগুনা: জেলায় প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। গত মধ্যরাত থেকে একটানা বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে অচলাবস্থা। আজ বরগুনা উপকূলের নদ-নদীর পানি আগের দুই দিনের চেয়ে কিছুটা কমলেও প্রবল বৃষ্টিপাতে শতাধিক গ্রাম ও ১৫টি চরে পানিবন্দী মানুষের দুর্ভোগ কমেনি। আউশ ফসলের খেতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপবিভাগীয় প্রকৌশলী গাজী ইয়ার আলী আজ দুপুরে জানান, বরগুনায় আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি জানান, প্রবল বর্ষণ ও জোয়ারের চাপে আজ সকালে সদর উপজেলার গুলিশাখালী এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০ ফুট ভেঙে গেছে।টেকনাফ (কক্সবাজার): উপজেলার অন্তত ৪২টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার শত শত পরিবার পানিবন্দী হয়েছে। গতকাল রাত থেকে চলছে প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢল। এতে এ অঞ্চলের মানুষ আতঙ্কিত হয়ে । গত বছরের ১৫ জুন পাহাড়ি ঢলে সেখানে ৩৪ জন মারা গিয়েছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় সাংসদ আবদুর রহমার বদী, জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমেদসহ প্রশাসনের লোকজন দুর্গত এলাকা পরিদর্শনে যান। স্থানীয় সাংসদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ১০ কেজি করে চাল দেন। তবে প্রশাসনের তরফ থেকে এখনো দুর্গত এলাকায় কোনো ত্রাণ পাঠানো হয়নি।টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁরা এখনো কোনো ত্রাণ না পাওয়ায় তা বিতরণ করা যাচ্ছে না।হাতিয়া (নোয়াখালী): জোয়ারের পানিতে আজ নতুন করে উপজেলার চানন্দি ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার বেড়িবাঁধ ভেঙে নিঝুমদ্বীপ, সুখচর, নলচিরা, চরঈশ্বর, চারকিং, তমরদ্দি ও সোনাদিয়া প্লাবিত হয়েছিল। সার্বিক পরিস্থিতির উন্নতি হয়নি। এলাকাগুলোর ১০ হাজার ফসলি জমি পানির নিচে তালিয়ে গেছে। এ ছাড়া পানি উঠেছে পাঁচ হাজার ঘরবাড়িতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন-অর-রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।