নতুন মজুরিকাঠামো নিয়ে পোশাক খাতে সৃষ্ট শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার, মালিক ও শ্রমিকনেতাদের মধ্যে ত্রিপক্ষীয় সমঝোতা হয়েছে। তিন পক্ষই সরকারঘোষিত মজুরি মেনে নিয়ে একযোগে সব পোশাকশ্রমিককে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।৪২টি শ্রমিক সংগঠনের পক্ষে নেতারা বলেছেন, সরকারঘোষিত মজুরিকাঠামোর সপ্তম গ্রেড বা ধাপ অর্থাৎ হেলপার, সহকারী মেশিন অপারেটর পদে ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণের বিষয়ে কারও কোনো দ্বিমত নেই।কেন্দ্রীয়ভাবে মালিক ও শ্রমিকদের কমিটি গঠন করে শ্রমিক অসন্তোষ দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যে তিন এলাকায় অসন্তোষ বেশি, সেখানে পথসভা, কারখানার সামনে গেটসভার আয়োজন করা হবে। এসব সভায় মালিক-শ্রমিক ও সরকারের প্রতিনিধিরা শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখবেন। আজ সোমবার থেকেই এসব সভা হবে।পাশাপাশি যেকোনো ধরনের ভাঙচুর-লুটপাট ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বলা হয়, তিন পক্ষের যৌথ উদ্যোগে কাজ শেষ করতে কয়েক দিন লাগবে। এর মধ্যে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে গতকাল রোববার এসব সিদ্ধান্ত হয়। রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক মালিক সমিতি বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলমসহ বেশ কয়েকজন সাংসদ, বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা ও পোশাক খাতের ৪২টি শ্রমিক ফেডারেশন ও জাতীয় শ্রমিক সংগঠনের নেতারা।টানা তিন ঘণ্টার বৈঠক শেষে শ্রমমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, মালিক ও শ্রমিকনেতারা সাংবাদিকদের কাছে তাঁদের সমঝোতার বিষয়গুলো তুলে ধরেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৪২টি শ্রমিক সংগঠনের নেতারা বলেছেন, তাঁরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত নন। এটা কোনো আন্দোলনও নয়। ঘৃণাভরে তাঁরা এটা প্রত্যাখ্যান করছেন। ঘোষিত মজুরিকাঠামো সবাই মেনে নিয়েছেন। দুটি গ্রেড বা ধাপের মজুরি নিয়ে নেতাদের দ্বিমত আছে। তাঁরা তা মজুরি বোর্ডে ঘোষিত সময়ের মধ্যে আপত্তি জমা দেবেন। তিনি বলেন, ‘আমি আশা করি, বোর্ড বিবেচনা করবে।’মন্ত্রী বলেন, শ্রমিকদের জন্য পুরো রেশনিংব্যবস্থার দাবি এসেছে। মন্ত্রিসভার গত সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু পোশাকশ্রমিকের জন্য রেশনিংয়ের বিষয়ে কিছু দিকনির্দেশনা দিয়েছেন। আজকের মন্ত্রিসভার বৈঠকে তিনি এটা তুলবেন।কারখানা এলাকায় শ্রমিকদের বাসস্থানের (ডরমেটরি) ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে কথা হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, সরকার ১ শতাংশ সার্ভিস চার্জে টাকা বরাদ্দ রেখেছে। সেখান থেকে অর্থ নিয়েও মালিকেরা এটা করতে পারেন।শাজাহান খান বেশ কিছু প্রস্তাব দেন সাংবাদিকদের সামনে। এর মধ্যে যেসব এনজিও পোশাক খাতের শ্রমিকদের নিয়ে কাজ করছে, তাদের বিষয়ে কঠোর নজরদারির কথা বলেন তিনি।বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান বলেন, এই আন্দোলনে মালিক-শ্রমিক উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। সালাম মুর্শেদী জানান, তিন দিনে ৮৭৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ৩০০ কারখানা বন্ধ হয়েছে। ক্ষতির দায়দায়িত্ব কে বহন করবে? তা সরকারের ওপরই বর্তাবে। সেলিম ওসমান বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করতে হবে।জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রায় রমেশ চন্দ্র বলেন, শ্রমিকনেতারা একবাক্যে বলেছেন, এ ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। দেশ-বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তিনি বলেন, একটি পত্রিকায় একটি সংগঠনের নামে ৪ আগস্ট ধর্মঘট আহ্বানের খবর সঠিক নয়।আমিনুল হক আমিন বলেন, বৈঠকে ৪০-৪২টি শ্রমিক ফেডারেশন ছিল। সবাই একমত হয়েছে, এ ধরনের ঘটনা গোটা দেশের জন্য উদ্বেগজনক। তিনি বলেন, ‘আমরা কেউ সপ্তম গ্রেডে তিন হাজার টাকা মজুরির বিষয়ে দ্বিমত পোষণ করিনি।’ তিনি আরও বলেন, শিক্ষানবিশ শ্রমিকের মজুরি ছিল এক হাজার ২০০ টাকা, হয়েছে দুই হাজার ৫০০ টাকা। সবাই একমত হয়েছেন। তিনি বলেন, ‘এক থেকে চার নম্বর গ্রেড পর্যন্ত কেউ দ্বিমত করেননি। পাঁচ ও ছয় নম্বর গ্রেড নিয়ে আপত্তি আছে। আমরা অনুরোধ করেছি বিবেচনা করার। নভেম্বর মাসে এর বাস্তবায়ন নিয়ে আপত্তি আছে। বিবেচনার জন্য বলেছি। মজুরি বোর্ডে লিখিত দেব।’ তিনি শ্রমিকদের ভাঙচুর-লুটপাটের সঙ্গে যুক্ত না হয়ে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান।২০০৬ সালে পোশাক খাতের মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধি ছিলেন নাজমা আক্তার। তিনি আহ্বান জানান আর যেন এ ধরনের বিশৃঙ্খলা না হয়। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘সর্বনিম্ন গ্রেডে তিন হাজার টাকা ন্যূনতম মজুরি আমরা মেনে নিয়েছি। আপনারা সবাই কাজে যোগ দেন।’শামীমা নাসরিন বলেন, ‘আজ থেকে আবার সবাই কারখানায় কাজ করবে। এই মজুরিকাঠামো সবাই মেনে নিয়েছি। এখন কাজে যোগ দিতে হবে।’দিনভর বৈঠক: এর আগে গতকাল দিনভর মালিক ও শ্রমিকপক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে শ্রম মন্ত্রণালয়। বৈঠকে শ্রমিকপক্ষের বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখালেও নিয়মনীতির বাইরে গিয়ে কোনো সিদ্ধান্তে যাওয়া সম্ভব নয় বলে জানানো হয়।সরকারের পক্ষ থেকে বলা হয়, ঘোষিত মজুরি প্রত্যাখ্যানের নামে শ্রমিকদের ভাঙচুরের ঘটনা সহ্য করা হবে না। শ্রমিক অসন্তোষের নামে যারা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করেছে, উসকানি দিচ্ছে—এসব মদদদাতাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে বলা হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের মজুরি নিয়ে যে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে, তা বন্ধ করতে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রী বলেন, ‘কোনো গার্মেন্টসে লুঙ্গি পরে কেউ কাজ করতে যায়, এটা তো আমার মনে হয় না। এটাকে আমাদের খুঁজে বের করতে হবে। হেলমেট খুলে কারা পুলিশকে মাথায় আঘাত করতে পারে, সেটা আপনাদের চিন্তা করতে হবে। আমার মনে হয় না একজন শ্রমিক এই কাজটি করতে পারেন। নিশ্চয়ই এর পেছনে মদদদাতা রয়েছে, ষড়যন্ত্রকারীরা রয়েছে।’পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পরামর্শ চাইতে গতকাল নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, শ্রমিক লীগের নেতা রায় রমেশ চন্দ্র, কর্মজীবী নারীর শিরিন আখতারসহ বিভিন্ন সংগঠনের শ্রমিকনেতার সঙ্গে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বৈঠক করেন।একাধিক শ্রমিকনেতা ঈদের আগেই নতুন মজুরি বাস্তবায়ন করার জন্য মন্ত্রীর কাছে সুপারিশ করেন। আবার কেউ কেউ অভিযোগ করে বলেন, ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে কোনো ধরনের বৈঠক ছাড়াই মজুরি বোর্ড বেতনকাঠামো ঘোষণা করায় এ অস্থিরতা দেখা দিয়েছে। এ কারণে অসন্তুষ্ট শ্রমিকদের সামাল দিতে তাঁরা কোনো ভূমিকা রাখতে পারছেন না। তবে বেশির ভাগ শ্রমিকনেতাই ৮১ শতাংশ বেতন বৃদ্ধির জন্য সরকারের প্রশংসা করেছেন।বৈঠকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনোভাবেই নভেম্বরের আগে নতুন মজুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। কেননা, নিয়ম অনুসারে ঘোষিত এই খসড়া মজুরিকাঠামো বাস্তবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে প্রায় দুই মাস ২২ দিন।শ্রমিকনেতা ও কর্মজীবী নারীর প্রধান শিরিন আখতার প্রথম আলোকে বলেন, মালিকদের সঙ্গে অনেক দেনদরবার করে, আলোচনা করে মজুরিকাঠামো তৈরি করা হয়েছে। তার পরও কারও যদি কোনো মতামত বা দ্বিমত থাকে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।শ্রমিক লীগের রায় রমেশ বলেন, যত দ্রুত এ মজুরি বাস্তবায়ন করা যায় ততই ভালো। বিষয়টি শ্রমিকদের ভালো করে বোঝাতে হবে। প্রসঙ্গত, সর্বনিম্ন সপ্তম ধাপ বা সহকারী মেশিন অপারেটর, হেলপার পদে একজন শ্রমিকের ন্যূনতম তিন হাজার টাকা মজুরি ধরে গত বৃহস্পতিবার পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরিকাঠামো ঘোষণা করা হয়েছে। এই মজুরিকাঠামোতে মালিক, শ্রমিক সব পক্ষই সই করেছে।