তিন পার্বত্য জেলায় দুই দিনের হরতাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য জেলা পরিষদের কাছে পুলিশ বিভাগ হস্তান্তরের প্রক্রিয়া বাতিলের দাবিতে বাঙালিদের পাঁচটি সংগঠনের ডাকে পার্বত্য তিন জেলায় টানা দুই দিনের হরতাল শুরু হয়েছে।আজ বুধবার ভোর থেকে সড়ক ও নৌপথে কোনো যানবাহন চলাচল করছে না। রাঙামাটি শহরে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হরতালকারীরা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করছে। তবে কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।পার্বত্য চুক্তি ও পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী আইনশৃঙ্খলা তত্ত্বাবধান এবং পুলিশ বিভাগের সহকারী উপপরিদর্শক (এএসআই) থেকে নিম্নপদের নিয়োগ, বদলি ও পদোন্নতি পার্বত্য জেলা পরিষদের কাছে হস্তান্তরের শর্ত রয়েছে। সেই শর্ত অনুযায়ী, পার্বত্য জেলা পরিষদের কাছে পুলিশ বিভাগ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রক্রিয়ার অংশ হিসেবে কাল বৃহস্পতিবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পার্বত্য চট্টগ্রাম উন্নয়নসহায়তা (সিএইচটিডিএফ) প্রকল্পের সহায়তায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কর্মশালা হওয়ার কথা রয়েছে।এ খবর শুনে গত সোমবার রাঙামাটিতে সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, পার্বত্য গণপরিষদ, বাঙালি ছাত্র পরিষদ, বাঙালি ছাত্রঐক্য পরিষদ ও বাঙালি যুব পরিষদ যৌথভাবে তিন পার্বত্য জেলায় আজ বুধ ও কাল বৃহস্পতিবার হরতালের ডাক দেয়।