পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন, ২০১৩ বাতিলের দাবিতে আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। এদিকে দুই ইমামের মুক্তির দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা ও পৌর বিএনপি।রাঙামাটি থেকে নিজস্ব প্রতিবেদক জানান, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী আইন, ২০১৩ বাতিলের দাবিতে তিনটি বাঙালি সংগঠন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ ও পার্বত্য নাগরিক পরিষদ টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে। অপর বাঙালি সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন হরতাল আহ্বান না করলেও পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গত ২৭ মে মন্ত্রিপরিষদের সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন, ২০০১-এর সংশোধনী নীতিগতভাবে অনুমোদন হয়। ৩ জুন তা চূড়ান্তভাবে অনুমোদিত হয়। বিলটি গত রোববার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মো. ইব্রাহিম বলেন, ‘আমরা এর আগে সরকারের কাছে ওই আইন সংসদে উত্থাপন না করার দাবি জানিয়েছিলাম। তার পরও সেটি উত্থাপন করায় আবার হরতাল ডাকতে বাধ্য হয়েছি।’ আইনটি পাস হলে পার্বত্য চট্টগ্রামের বাঙালিরা অধিকারহারা হয়ে পড়বেন বলে তিনি দাবি করেন। ইতিপূর্বে একই দাবিতে সংগঠনগুলো তিন দফায় এক দিন হরতাল, এক দিন সড়ক ও নৌপথ অবরোধ এবং ৭২ ঘণ্টার হরতাল পালন করে। বোয়ালমারীতে বৃহস্পতিবার হরতাল: আমাদের ফরিদপুর অফিস জানায়, দুই ইমামের মুক্তির দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে আগামী বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরের ছোলনা এলাকায় পৌর বিএনপির একটি সভায় এ হরতালের ঘোষণা দেওয়া হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে আপত্তিকর লিফলেট বিতরণের অভিযোগে ৮ জুন বোয়ালমারীর দুই ইমামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হাসান (৫২) ও গুণবহা তালতলা মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম (৩২)।