তিন পার্বত্য জেলায় সড়ক ও নৌ অবরোধ চলছে
তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আজ বুধবার সকাল থেকে সড়ক ও নৌ অবরোধ শুরু হয়েছে। দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়িতে সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস ভাঙচুর ও একটি পিকআপ ভ্যানে আগুন লাগানোর খবর পাওয়া গেছে।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যানের এক তরফা শুনানি বাতিল ও বিভিন্ন ধারা সংশোধনের দাবিতে গত সোমবার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরাম এ অবরোধের ডাক দেয়। পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে।রাঙামাটি ও খাগড়াছড়িতে আজ সকাল থেকে কাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং বান্দরবানে আজ সকাল-সন্ধ্যা এ অবরোধ পালিত হবে।অপরদিকে পার্বত্য ভূমি কমিশন কার্যালয়ের এজলাস এ প্রতিবেদন লেখা পর্যন্ত শুরু হয়নি।জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা একটি পিকআপে আগুন লাগানো হয়। তবে তা অবরোধের কারণে না অন্য কারণে, তা নিশ্চিত করতে পারেননি মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী। অপরদিকে আজ সকাল সাতটার দিকে আলুটিলা এলাকায় সংবাদপত্র বহনকারী একটি মাইক্রোবাসে অবরোধকারীরা কয়েকটি ঢিল ছোড়ে। এতে গাড়িটির একটি কাচ ভেঙে যায়।খাগড়াছড়ি শহরের পার্বত্য ভূমি কমিশন কার্যালয়ে গিয়ে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত কমিশনের এজলাস বসেনি। কমিশনের সচিব আবদুল হামিদ জানান, কমিশন চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. শামসুল আলম চৌধুরী ছাড়া কমিশনের আর কোনো সদস্য কার্যালয়ে যাননি।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন চেয়ারম্যান খাদেমুল ইসলাম চৌধুরী ২০১০ সালের ডিসেম্বর থেকে এই বিরোধ নিষ্পত্তির জন্য কয়েক দফা শুনানির দিন ধার্য করেছেন। কিন্তু কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, তিন সার্কেল-প্রধান বা রাজা এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত না থাকায় বারবার কোরাম সংকট দেখা দেয়। এতে বারবার শুনানির তারিখ বদল হচ্ছিল। সর্বশেষ ২ মে কমিশন চেয়ারম্যান আজ ও কাল শুনানির তারিখ ধার্য করে প্রথমবারের মতো ঘোষণা দেন, ‘আইনের বিশেষ বিধানের মাধ্যমে ভূমি বিরোধ নিষ্পত্তি করা হবে।’