তিন পুরুষের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষে সিফায়েত উল্লাহ্, ইমতিয়াজ আহমদ ও পার্থ তানভীর নভেদের শ্রদ্ধাঞ্জলি ‘তিন পুরুষের গান’। এই তিন শিল্পীর রবীন্দ্রসংগীতের অডিও সিডি প্রকাশ করা হবে আজ বুধবার। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘রবীন্দ্রনাথকে নিয়ে কথা এবং গান’। থাকছে গবেষক ও লেখক গোলাম মুরশিদের কথা। তিন শিল্পীর সঙ্গে আরও গাইবেন লাইসা আহমদ লিসা। আলাদা আঙ্গিকে রবীন্দ্রনাথের গানের নানা দিক নিয়ে এ অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন পার্থসারথী সিকদার। ৭ জানুয়ারি কলকাতায় হচ্ছে সিডি প্রকাশের আনুষ্ঠানিক আয়োজন। আয়োজকদের মতে, অনুষ্ঠানের ‘তিন পুরুষ’ প্রজন্মান্তরের কথা নয়, বরং তিন পুরুষ কণ্ঠের গান। শিল্পীদের একের সঙ্গে অন্যের বয়সের ব্যবধান প্রায় এক দশক। তিনজনেরই গানের সঙ্গে সম্পর্ক শৈশব থেকে। তাঁরা সুরের ভক্ত, গায়ক-শিক্ষক; কিন্তু সংগীত নয়, অন্য পেশায় যুক্ত। তিনজনের অডিও সিডি প্রকাশ করেছে ভারতের পিঅ্যান্ডএম রেকর্ডস। পেশায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির বিশ্লেষক সিফায়েতের সিডির শিরোনাম নব নব সুরে তানে। ইমতিয়াজ লন্ডনপ্রবাসী চিকিৎসক। তাঁর সিডি অধরা মাধুরীর ছন্দোবন্ধনে। সাংবাদিক পার্থের সিডির নাম বিরহবিধুর পাখি।