তিন পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর ওয়ারীর উপপুলিশ কমিশনার তৌফিক মাহমুদসহ তিন পুলিশ কর্মকর্তা ও আটজনের বিরুদ্ধে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও চুরির মামলা করা হয়েছে। সূত্রাপুর থানার জংশন রোডের বাসিন্দা এম আজমল খান বাদী হয়ে আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন। মহানগর হাকিম আবদুল্লাহ আল মামুনের আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। তবে এ বিষয়ে এখনো কোনো আদেশ দেননি আদালত।মামলার অন্য আসামিরা হলেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হানিফ, উপপরিদর্শক (এসআই) মনির, স্থানীয় বাসিন্দা মাইনুদ্দিন ওরফে রাজু, সালমা বেগম, আলী আরফান খান, ইরফান খান, বাচ্চু, দিগন্ত, কবির ও পেয়ারা বেগম।মামলার আরজিতে উল্লেখ করা হয়, মাইনুদ্দিনের সঙ্গে বাদীর বসতবাড়িসংক্রান্ত দেওয়ানি ও ফৌজদারি মামলা রয়েছে। বাদী তাঁর বসতবাড়ি সংস্কারের জন্য থানা থেকে অনুমতি নেন। সংস্কারকাজ করতে গেলে স্থানীয় আসামিরা বাদীর বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেন। ওই মামলা থেকে অব্যাহতি দিতে পুলিশ বাদীর কাছ থেকে ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে বাদীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে বলে ভয়ভীতি দেখায়। স্থানীয় আসামিরা বাদীর বসতবাড়ি থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যান এবং বাদী ও তাঁর পরিবারের সদস্যদের মারধর করেন। এ ঘটনার ন্যায়বিচার চেয়ে এ মামলা করা হয়।