তিন পুলিশ হত্যার ঘটনায় আরও দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় পুলিশের তিন সদস্যকে হত্যার ঘটনায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেলপুর গ্রামের খড়ি বিক্রেতা তাজুল খাঁ ওরফে তাজু খাঁ (২৭) ও বেড়ার ঢালারচর ইউনিয়নের গোয়ালনগর বাজারের পল্লি চিকিৎসক আবদুর রহিম (২৫)। গত শুক্রবার গভীর রাতে তাজু খাঁকে সলেমপুর গ্রামের নিজ বাড়ি থেকে এবং আবদুর রহিমকে গোয়ালনগর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে তিন পুলিশ হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হলো। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার জানান, ঘটনার দিন (মঙ্গলবার) সমেলপুর গ্রামের তাজুল খাঁ বিশাল আকৃতির একটি ট্রলার তৈরির কাজে ঢালারচরের দাসপাড়া এলাকায় ব্যস্ত ছিলেন। ট্রলার তৈরির অব্যবহূত কাঠখড়ি হিসেবে বিক্রির জন্য তাজুল ঢালারচর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিনের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, এসআই কফিল তাঁর ফাঁড়ির নায়েক ওয়াহেদুল ইসলাম ও কনস্টেবল শফিকুলসহ কয়েকজন মঙ্গলবার রাতে দাসপাড়া সমেলপুর বাজারে যান। সেখান থেকে খড়ি আনতে গেলে চরমপন্থী সন্ত্রাসীরা অতর্কিতভাবে দুই দিক থেকে পুলিশের ওপর গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই পুলিশের তিন সদস্য নিহত হন।এসআই দীপক আরও জানান, এরপর থেকে প্রত্যক্ষদর্শী ও খড়ি বিক্রেতা তাজুল পলাতক ছিলেন। ওই ঘটনার এক দিন পর তাজুলের বাবা চান্দু খাঁকে সদর থানার পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। পরে শুক্রবার গভীর রাতে পুলিশ তাজুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। এ প্রসঙ্গে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. সরাফত উল্লাহ বলেন, রাজবাড়ী দাদশী ও ঢালারচরের মধ্যে চলাচলকারী ট্রলার সমিতির সাধারণ সম্পাদক হচ্ছে গ্রেপ্তার হওয়া তাজুলের বাবা চান্দু খাঁ। প্রায় পাঁচ-ছয় লাখ টাকা ব্যয় করে তাঁরা ঢালারচরে গিয়ে কেন এত বড় একটি ট্রলার তৈরি করছেন এবং খড়িগুলো বাজারে সাধারণ লোকের কাছে বিক্রি না করে ফাঁড়ির সদস্যদের ডেকে এনে বিক্রি করতে চেয়েছিলেন, এ নিয়ে প্রশ্ন রয়েছে। খড়ি বিক্রির সময় চরমপন্থীদের হামলার সময় প্রত্যক্ষদর্শী হিসেবে তাজুল সেখানে ছিলেন। এসব কারণে তাজুলকে গ্রেপ্তার করা হয়েছে।ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাজুলকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি বেড়া থানার ওসিকে জানানো হয়েছে।এদিকে তিন পুলিশ হত্যাকাণ্ডের পর পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাসুন্দিয়া ও ঢালারচর ইউনিয়নের চরগুলোয় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তিন পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবদুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’