পাবনার বেড়া উপজেলায় চরমপন্থী সন্ত্রাসীদের গুলিতে এসআইসহ পুলিশের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় পুলিশ গত বুধবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার সুজানগর উপজেলার হাসামপুর গ্রামের নাদের প্রামাণিক (৫২) ও বেড়া উপজেলার পুরান মাসুন্দিয়া গ্রামের ওয়াজেদ আলী (৪২)। হত্যার ঘটনায় গত বুধবার বিকেলে বেড়া থানায় মামলা হয়েছে। এদিকে চরমপন্থীদের গণতান্ত্রিক সুযোগ গ্রহণ করে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান। এ সময় পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, পাবনায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিভিন্ন দুর্গম এলাকায় অভিযান চালানো হচ্ছে।গ্রেপ্তার, মামলা: বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে জানান, পুলিশ সদস্যদের হত্যাকাণ্ডের ঘটনায় কনস্টেবল আবদুর রশীদ বাদী হয়ে মামলা করেছেন। মামলায় একজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োজিত হয়েছেন এসআই আবুল কালাম আজাদ। এ ঘটনায় এ পর্যন্ত ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ খুনের ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে ঘটনাস্থল দাসপাড়াসহ পাশের মিরপুর, কোমরপুর, গোয়ালনগর, চরদুর্গাপুর, রামনারায়ণপুর, শ্যামপুর, ঢালা, ধারাইসহ অন্তত ১০টি গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। ঢালারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান জানান, এলাকার পরিস্থিতি থমথমে। এলাকাবাসী আতঙ্কে আছে। বেড়া থানার ওসি শেখ জিল্লুর রহমান বলেন, ‘ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে, তা আমি ঠিক মানতে পারছি না। যাদের মনে ভয় রয়েছে তারা হয়তো এলাকা থেকে পালিয়েছে। প্রকৃত দোষীদেরই গ্রেপ্তারের চেষ্টা চলছে।’সাংবাদিকদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী: পাবনার বেড়ায় পুলিশ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এ হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। তাদের শাস্তি দিতে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘সবারই গণতান্ত্রিক সুযোগ গ্রহণ করা উচিত। এই কথাটি আমার মন্ত্রণালয় এবং সরকারের পক্ষ থেকে চরমপন্থীদের উদ্দেশে বহুবার বলা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে কোনোভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব নয়।’ মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও চরমপন্থী নির্মূলে কাজ করে যাচ্ছে বলে তিনি দাবি করেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চরমপন্থীরা সব সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দুর্গম এলাকা বেছে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীও তাদের গতিবিধির ওপর নজর রাখে। এর পরও চরমপন্থীরা দ্রুত স্থান পরিবর্তন করায় এভাবে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটে। এ ছাড়া যাতায়াতের অসুবিধার কারণে সব সময় চরমপন্থীদের নজরদারিতে রাখা যায় না।