আগুন নেভানোর কোনো ব্যবস্থা না রেখে ঝুঁকিপূর্ণ দাহ্য রাসায়নিক পদার্থ গুদামজাত ও কারখানায় ব্যবহারের অপরাধে পুরান ঢাকার সূত্রাপুরের টিপু সুলতান রোডের প্রগ্রেসিভ করপোরেশনকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া আদালত দাহ্য রাসায়নিক পদার্থ গুদামজাত করার দায়ে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত এস কে ট্রেডার্স ও কেমিক্যালাস নামের আরও দুটি প্রতিষ্ঠানকে দুই লাখ করে টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই শাস্তি দেন। ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ অপসারণে গত রোববার থেকে দমকল বাহিনীর সদস্য ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেন। নগরের দাহ্য রাসায়নিক অপসারণে এটি এই আদালতের দ্বিতীয় অভিযান। আদালত গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পুরান ঢাকার টিপু সুলতান রোডে অভিযান শুরু করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আদালতকে ৪৬ নম্বর টিপু সুলতান রোডের প্রগ্রেসিভ করপোরেশন নামের একটি রাসায়নিক গুদামে নিয়ে গেলে সেখানে কয়েক শ ড্রাম দাহ্য রাসায়নিকের সন্ধান পাওয়া যায়। রাসায়নিক সংরক্ষণের জন্য ফায়ার সার্ভিসের কোনো লাইসেন্স প্রতিষ্ঠানটির নেই। কোনো অগ্নিনির্বাপণ বা প্রতিরোধব্যবস্থাও নেই। এ সময় আত্মপক্ষ সমর্থন করে প্রগ্রেসিভের ব্যবস্থাপক আবু জোহাক বিশ্বাস বলেন, তাঁরা রাসায়নিক আমদানি করে এখানে গুদামজাত করেন। এগুলো দাহ্য নয়, কাপড়ের রং করতে ব্যবহার করা হয়। এ সময় তিনি রাসায়নিকগুলো কোনো বিশেষজ্ঞকে দেখানোরও দাবি জানান।এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফায়ার সার্ভিসের সদস্যরা বলেন, আইন অনুযায়ী কারখানা বা গুদাম করতে হলে লাইসেন্স প্রয়োজন হয়। অথচ তা নেই, যা অগ্নি প্রতিরোধ আইন-২০০৩-এর ৪ ধারার লঙ্ঘন। এটি শাস্তিযোগ্য অপরাধ। এরপর আদালত প্রগ্রেসিভকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১৫ দিনের মধ্যে গুদাম অপসারণের নির্দেশ দেন। গুদাম ব্যবস্থাপক আদালতকে পাঁচ লাখ টাকা প্রদান করে সাত দিনের মধ্যে গুদাম অপসারণের মুচলেকা দেন।এরপর আদালত রাজধানীর ২১ নম্বর বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত বহুতল সিটি ভবনে অভিযান শুরু করে দ্বিতীয়, তৃতীয় এবং নিচতলায় দুটি প্রতিষ্ঠানের গুদাম ঘুরে দেখেন এবং চার লাখ টাকা জরিমানা করেন। প্রথমে দ্বিতীয় তলায় এস কে ট্রেডার্সের গুদামে বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্য চিহ্নিত করা হয়। এস কে ট্রেডার্সের মালিক এস কে সাহা এসব রাসায়নিক দ্রব্য দাহ্য নয় বলে দাবি জানালেও রাসায়নিক মজুদের কোনো লাইসেন্স দেখাতে পারেননি। এ সময় আদালত এস কে সাহাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং সাত দিনের মধ্যে গুদাম অপসারণের নির্দেশ দেন। তিনি দুই লাখ টাকা পরিশোধ করে রাসায়নিক অপসারণের জন্য এক মাস সময় চান। আদালত ১৫ দিন সময় দেন। এরপর আদালত একই ভবনে অবস্থিত কেমিক্যালাস নামের আরেকটি রাসায়নিক গুদামে অভিযান চালান এবং লাইসেন্সবিহীন রাসায়নিক গুদামজাত করার দায়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক গোলাম মোস্তফাকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। গোলাম মোস্তফাও সঙ্গে সঙ্গেই দুই লাখ টাকা আদালতকে পরিশোধ করেন এবং ১৫ দিনের মধ্যে রাসায়নিক অপসারণের মুচলেকা দেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন জানান, অভিযান অব্যাহত থাকবে। দমকলের উপসহকারী পরিচালক জহুরুল আমিন বলেন, নগরের বিভিন্ন এলাকায় রাসায়নিক গুদাম, দোকান ও কারখানা চিহ্নিত করে এগুলোর তালিকা তৈরি করা হচ্ছে।