বিভিন্ন অভিযোগে পুরান ঢাকায় তিন ফল ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত আজ রোববার দুপুরে পুরান ঢাকার আদালতপাড়াসংলগ্ন রায়সাহেববাজার এলাকায় অভিযান চালান। এ সময় আদালত প্রতি আঁটিতে ১০০টির কম থাকলেও ১০০টি লিচুর কথা বলে বিক্রি করায় লিচু ব্যবসায়ী আবুল বাসারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। প্রতি কেজি ফল বিক্রিতে ২০ গ্রাম কম দেওয়ায় ওই এলাকার আরেক ফল ব্যবসায়ী রফিককেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।একইভাবে প্রতি কেজিতে ৩০ গ্রাম কম দেওয়ার অভিযোগে ফল ব্যবসায়ী মনির হোসেনকে সাত হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এ ছাড়া জুসের গায়ে সর্বোচ্চ খুচরামূল্য না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা ও মহানগর দাঙ্গা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।