তিন বছর আগলে রেখেছেন স্বামীর লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী মারা গেছেন তিন বছর আগে। তার পরও স্ত্রীর আশা, স্বামী বেঁচে উঠবেন। তাই লাশ দাফন না করে ঘরে রেখে দিয়েছেন। ছেলেমেয়েকে বলেছেন, প্রতিদিন তাদের বাবাকে খাওয়াতে এবং বাবার সঙ্গে কথা বলতে। এই ঘটনা রাশিয়ার ইউরোস্লভ এলাকার একটি গ্রামের। গত সোমবার তদন্ত কর্মকর্তারা এ তথ্য প্রকাশ করেন। আজ বুধবার ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে এ কথা জানানো হয়। গত সোমবার ওই এলাকার গোয়েন্দা কর্মকর্তারা জানান, মৃত ব্যক্তিটি পেনটিকোস্টাল গির্জার ধর্মপ্রচারক ছিলেন। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে ওই গ্রামে বাস করতেন। ২০০৯ সালে তিনি মারা যান। এক বিবৃতিতে তদন্ত কর্মকর্তারা জানান, ২০০৯ সালের ১৪ আগস্ট থেকে ২০১২ সালের ২ জুলাই পর্যন্ত মৃতদেহটি অ্যাপার্টমেন্টের একটি কক্ষে বিছানায় শুইয়ে রাখা হয়। বাড়ির গৃহকর্ত্রী মানসিক ভারসাম্যহীন। তিনি স্কুলগামী তাঁর সন্তানদের এ বিষয়ে কাউকে না বলার নির্দেশ দেন। প্রতিদিন ওই বিধবা স্যুপ তৈরি করে মরদেহের মুখে দিতেন। সন্তানেরা তাদের মাকে বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।