তিন বছর পর একটি নতুন গ্যাস উত্তোলন কূপ করছে বাপেক্স
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মোকাবিলায় জাতীয় জ্বালানি নীতিতে প্রতিবছর তিনটি করে উৎপাদন কূপ খননের প্রয়োজনীয়তার কথা বলা হলেও বাস্তবে তিন বছর পর একটি নতুন কূপ খননের কাজ শুরু হয়েছে। রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি (বাপেক্স) তার জন্য কেনা নতুন খননযন্ত্র (রিগ) দিয়ে ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে এই কূপ খনন করছে। এটি এই ক্ষেত্রের ৪ নম্বর কূপ। কূপটি থেকে আগামী মে মাসেই প্রায় দুই কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে।এর আগে ২০০৮ সালের মার্চে বাপেক্স ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ২ নম্বর উত্তোলন কূপ খনন করেছিল। এরপর বাপেক্স কিংবা দেশে কর্মরত কোনো বিদেশি কোম্পানি নতুন উত্তোলন কূপ খনন করেনি। অথচ এই তিন বছরে দেশে গ্যাসের চাহিদা বেড়েছে প্রায় ৫০ কোটি ঘনফুট।ফেঞ্চুগঞ্জে এ কূপটির খননকাজ আগে শুরু হলেও গতকাল শুক্রবার নতুন রিগ দিয়ে কূপ খননের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল গ্রামে কূপটির খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তাঁর সরকার দেশের জ্বালানি সমস্যা সমাধানে এবং দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে।পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থার ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ (থ্রিডি সাইসমিক সার্ভে) পরিচালনাকারী তরুণ দলকে তাদের বিশেষ সাফল্যের জন্য সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের প্রতেকের হাতে ক্রেস্ট, সনদ ও ২০ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রটি ১৯৬০ সালে আবিষ্কার করে তৎকালীন পাকিস্তান্রপেট্রোলিয়াম লিমিটেড। ওই বছরই তারা সেখানে প্রায় আড়াই হাজার মিটার গভীর ১ নম্বর কূপ খনন করে। কিন্তু ওই কূপে তারা গ্যাস পায়নি।১৯৮৮ সালে পেট্রোবাংলা চার হাজার ৯৭৭ মিটার গভীরতা পর্যন্ত অনুসন্ধান কূপ খনন করে তিনটি স্তরে (জোন) গ্যাসের সন্ধান পায়। বাপেক্স প্রতিষ্ঠার পর তাদের আরও দুটির সঙ্গে ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রটিরও মালিকানা দেওয়া হয়।বাপেক্স ২০০৪ সালের মে মাসে ২ নম্বর ও ২০০৫ সালের জানুয়ারিতে ৩ নম্বর কূপ খনন করে গ্যাস উৎপাদন শুরু করে। বর্তমানে ওই দুটি কূপ থেকে দৈনিক প্রায় আড়াই কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। ফেঞ্চুগঞ্জ ক্ষেত্রে গ্যাসের প্রাথমিক মজুদ নির্ধারণ করা হয়েছিল ৪০৪ বিলিয়ন ঘনফুট (বিসিএফ), যার মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ধরা হয় ২৮৩ বিসিএফ। তা থেকে এখন পর্যন্ত তোলা হয়েছে ৭৫ বিসিএফ। এখনো ২০৮ বিসিএফ উত্তোলনযোগ্য মজুদ অবশিষ্ট আছে। এ ছাড়া এই ক্ষেত্রের মজুদ পুনর্নির্ধারণ করা হলে উত্তোলনযোগ্য মজুদ আরও বাড়বে বলে বিশেষজ্ঞদের ধারণা।ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপের গভীরতা হবে তিন হাজার ৮৫০ মিটার। গত বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় যখন এই কূপটি খননের জন্য স্থাপিত ১৫২ ফুট উঁচু অত্যাধুনিক রিগে আরোহণ করা হয়, তখন পর্যন্ত খনন করা হয়েছে এক হাজার ৩৯৩ মিটার। এই রিগের সব কার্যক্রমই চলে কম্পিউটারের নিয়ন্ত্রণে, স্বয়ংক্রিয়ভাবে।আগামী মাসে ৪ নম্বর কূপের খননকাজ শেষ হওয়ার পর চলতি বছর এখানে শুরু হবে ৫ নম্বর কূপের খনন-প্রক্রিয়া। এ দুটি কূপের খননকাজ আরও আগে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প অনুমোদনে সরকার দেরি করায় তা হয়নি।এ ছাড়া সরকার বাপেক্সের উৎপাদিত গ্যাসের দাম অনেক কম নির্ধারণ করায় প্রতিষ্ঠানটি স্বয়ম্ভর হতে পারছে না। বর্তমানে বাপেক্সকে প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের দাম দেওয়া হয় ২৫ টাকা। এই দাম ৫০ টাকা করার নীতিগত সিদ্ধান্ত সরকারের রয়েছে। দেশে কর্মরত বিদেশি কোম্পানির (আইওসিস) কাছ থেকে সরকার প্রতি ইউনিট গ্যাস কেনে গড়ে ২১০ টাকায়।বিশিষ্ট্রজ্বালানি বিশেষজ্ঞ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, দেশে গ্যাস-সংকটের বড় কারণ বাপেক্সকে স্বয়ম্ভর করার যথাযথ পদক্ষেপ না নেওয়া। তবে বর্তমান সরকার গ্যাস উন্নয়ন তহবিল অনুমোদন করে এ ক্ষেত্রে একটি প্রশংসনীয় কাজ করেছে। ভবিষ্যতে বাপেক্সকে শক্তিশালী করার উদ্যোগও সরকারকে নিতে হবে।গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, স্থানীয় সাংসদ নবাব আলী আব্বাস খান, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদুস সামাদ ও সংরক্ষিত আসনের সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক ও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বক্তব্য দেন।(প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন সিলেটের নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি জুয়েল খান ও জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু)