তিন বছর পর দেশে বিদ্যুৎ সংকট থাকবে না: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার নানা কার্যকর পদক্ষেপ নেওয়ায় আগামী তিন বছর পর দেশে আর কোনো বিদ্যুৎ সংকট থাকবে না। এ সময়ের মধ্যে আরও চার হাজার মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হবে।আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে তিন দিনব্যাপী এক সেমিনারের উদ্বোধন করে অর্থমন্ত্রী এসব কথা বলেন। ‘বাংলাদেশের চল্লিশ বছর: চেঞ্জেস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শুরু হয়েছে। এতে আজ প্রধান অতিথির বক্তব্য দেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, রাজনৈতিক সহনশীলতার অভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তিনি বলেন, মানবসম্পদ ও গ্রামীণ অর্থনীতির যথাযথ ব্যবহার, শিক্ষার বিস্তার ও কৃষিক্ষেত্রে উন্নয়নের ফলে গত ৩৫ বছরের তুলনায় বর্তমানে দেশে ধনী-গরিবের বৈষম্য কমেছে। উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন। এতে অতিথি হিসেবে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশকে অনেকেই একটি তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছে। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের কারণে আজ বিশ্ব অর্থনীতিতে আমরা উল্লেখযোগ্য অবস্থান করে নিয়েছি।সেমিনারে বিভিন্ন বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন বিনায়ক সেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, দেবপ্রিয় ভট্টাচার্য, রিজওয়ানুল ইসলাম, অধ্যাপক আবদুল বায়েস, অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ।