নির্বাচনী আইনের দুটি গুরুত্বপূর্ণ ধারা পরিবর্তনের পক্ষে তৎপরতা চালাচ্ছে মহাজোটের শরিক জাতীয় পার্টিসহ একাধিক রাজনৈতিক দল ও গোষ্ঠী। আইনে সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে অন্তত তিন বছর রাজনৈতিক দলের সদস্য থাকার বাধ্যবাধকতার বিধান আছে। মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনকেন্দ্রিক দলবদল বন্ধ করতে যুক্ত করা এই বিধানটির বাতিল চায় এরা। আর স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সমর্থনের প্রমাণ হিসেবে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধান আছে নির্বাচনী আইনে। এ বিধানটিরও বাতিল চায় তারা। নির্বাচন কমিশন (ইসি) স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকা বিধান তুলে দেওয়ার পক্ষে। তবে তিন বছর রাজনৈতিক দলের সদস্য থাকার বিধানটি পরিবর্তনের দায় নিতে চায় না তারা। ইসি সংশ্লিষ্ট দলগুলোকে এ ব্যাপারে সংসদে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে।নির্বাচনে প্রত্যক্ষ রাজনীতিবিদদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং টাকার বিনিময়ে বা অন্য কোনো উপায়ে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা ব্যবসায়ী, আমলা, সামরিক কর্মকর্তাসহ অন্যদের মনোনয়ন দেওয়া নিরুৎসাহিত করতে নির্বাচনী আইনে এই ধারা যুক্ত করা হয়েছিল। আইনে সংসদ সদস্য হওয়ার ও থাকার অযোগ্যতার স্থানে উল্লেখ করা হয়, নির্বাচনের তিন বছর আগে থেকে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার অযোগ্য হবেন। আর স্বতন্ত্র প্রার্থীর নামে ডামি প্রার্থী দিয়ে নির্বাচনকে কুলষিত করা ঠেকাতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় স্বতন্ত্র প্রার্থীকে তাঁর পক্ষে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসংবলিত স্বাক্ষর জমা দেওয়ার বিধান রাখা হয়। অর্থাৎ কোনো নির্বাচনী এলাকায় ভোটার এক লাখ হলে তাঁকে এক হাজার ভোটারের স্বাক্ষর জমা দিতে হবে।সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তিন বছর সদস্য থাকার বাধ্যবাধকতার ধারা ১২(ঞ) বাতিল করতে কমিশনকে চিঠি দিয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগও কমিশনের কাছে একই কথা বলেছে। তবে তারা কোনো চিঠি দেয়নি। আরও কয়েকটি ছোট রাজনৈতিক দল এই বিধানটি বাতিলের পক্ষে বলেছে ইসিকে। তবে প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য কমিশনকে দেওয়া হয়নি। নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীদের জন্য যে বাধ্যবাধকতা রাখা হয়েছে তা বাতিলের বা শিথিল করার পক্ষে কমিশন। তবে তিন বছরের বাধ্যবাধকতা নিয়ে কমিশন কোনো সুপারিশ দেবে না। এটা বাতিলের জন্য কোনো কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছে। শুনেছি চেষ্টাও চলছে। তবে কমিশন এই ধারার বিপক্ষে নয়। দলগুলো যা করার সংসদে করবে।’ এ বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর পাঁচ সদস্যের বর্তমান নির্বাচন কমিশন তাদের বিভিন্ন বৈঠকে নির্বাচনী আইনের খুঁটিনাটি নিয়ে আলোচনা শুরু করে। বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ভোটারদের স্বাক্ষর জমা দেওয়ার বিধির কারণে ভোটারের পরিচয় ও তিনি কাকে ভোট দিচ্ছেন তা গোপন থাকছে না। কমিশন মনে করে, এটা নির্বাচন আইনের পরিপন্থী। কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য হিসেবে তিন বছর থাকার বাধ্যবাধকতার ধারাটি গত সংসদ নির্বাচনে স্থগিত ছিল। কারণ দল নিবন্ধনের তিন বছর হওয়ার আগেই বিগত সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনের এই ধারাটি গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে প্রথমবারের মতো কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে এর ব্যবহার স্থগিত রাখে কমিশন। মনোনয়নপত্রের সঙ্গে তিন বছর সদস্য থাকার প্রমাণপত্র প্রার্থীদের দেখাতে হয়নি ওই নির্বাচনেও। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বিধানটি গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে বহাল রাখা হয়। সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি না এ দুটি ধারার কারণে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন হয়। তিন বছর সদস্য থাকার বাধ্যবাধকতার ফলে বরং দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা বেশি হওয়ার সুযোগ থাকে এবং সুযোগসন্ধানীদের নির্বাচন করার পথ বন্ধ থাকে। প্রকৃত রাজনীতিবিদদের সামনে আসার সুযোগ থাকে।’ তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী বেশি থাকলে নির্বাচন পরিচালনায় নানা ঝামেলা হয়। তাই এই দুটি ধারা বহাল রাখতে কমিশনের উদ্যোগ নেওয়া উচিত। নির্বাচন কমিশন কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অতীতে দেখা গেছে, রাজনৈতিক দলের প্রার্থীরা নিজেদের প্রয়োজনে স্বতন্ত্র প্রার্থীর নামে একাধিক ডামি প্রার্থী দাঁড় করান। এসব ডামি প্রার্থীর এজেন্ট, গাড়ি ব্যবহারসহ নির্বাচন কমিশনের দেওয়া সব সুযোগ অনেক ক্ষেত্রে টাকার বিনিময় দলীয় প্রার্থীরা ব্যবহার করেন। রাজনৈতিক দলের সদস্য হওয়ার বাধ্যবাধকতার বিষয়ে কমিশনের একাধিক কর্মকর্তা বলেন, নির্বাচনী আইনে তৃণমূলের মতামতের ভিত্তিতে রাজনৈতিক দলের প্রার্থী নির্বাচন করার নিয়ম রাখা হয়েছে। এখন নির্বাচনের আগে এসে কোনো ব্যক্তি যদি টাকা বা অন্য কোনোভাবে প্রার্থী হন তাহলে আইনের ওই ধারাও কার্যকর থাকবে না। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘আমাদের দল থেকে নির্বাচন করতে চান এমন কেউ কেউ ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছেন। তিন বছর সদস্য থাকার এই ধারা না থাকলে তাঁরা নির্বাচনে দলের কাছে মনোনয়ন চাইতে পারবেন।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘ব্যক্তিগত মত হলো, এই ধারা থাকা উচিত। এতে রাজনীতি রাজনীতিবিদদের কাছে থাকবে।’ তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগ ও বিএনপিতে রাজনীতিবিদ ক্রমাগত কমছে। যাঁরা এই ধারার বদলাতে চাইছেন তাঁদের উদ্দেশ্য টাকার বিনিময়ে প্রার্থী দেওয়া।’ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘ব্যক্তিগতভাবে মনে করি, তিন বছরের বাধ্যবাধকতা থাকা উচিত। এতে দলবদল বন্ধ হবে। আর যে ব্যক্তি দলের সঙ্গে তিন বছরও যুক্ত নন, তাঁর নির্বাচনে মনোনয়ন পাওয়ার অধিকার থাকা উচিত না।’